কবি নজরুলের অপ্রকাশিত কাব্যগ্রন্থ ‘নির্ঝর’ প্রকাশিত
কলকাতা প্রেসক্লাবে গতকাল বৃহস্পতিবার বিকেলে আয়োজিত এক অনুষ্ঠানে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের নির্ঝর কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। এই কাব্যগ্রন্থে ঠাঁই পেয়েছে কবির লেখা অপ্রকাশিত ২৬টি কবিতা। গ্রন্থটি প্রকাশ করেছে কলকাতার দেশ প্রকাশনা সংস্থা।নির্ঝর কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করেন বিশিষ্ট লেখিকা বাণী বসু, কবির পুত্রবধূ কল্যাণী কাজী, নাতনি অনিন্দিতা কাজী, নুরুল হক সরকার ও রাবেয়া চৌধুরী সম্মিলিতভাবে।১৯২৯ সালে কবি কাজী নজরুল ইসলাম আর্থিক কারণে মাত্র ২৫০ টাকায় ২৬টি কবিতার এ পাণ্ডুলিপি বিক্রি করেছিলেন মোহম্মদ কাসেম নামের এক ব্যক্তির কাছে। শর্ত ছিল এর স্বত্বাধিকারী হবেন মোহম্মদ কাসেম নিজেই। মোহম্মদ কাসেম মারা যাওয়ার আগে এটি তিনি দিয়ে যান তাঁর এক আত্মীয় নুরুল হক সরকারকে। নুরুল হকই এবার কাব্যগ্রন্থটি প্রকাশের উদ্যোগ নেন। গ্রন্থের নামও দিয়েছিলেন কবি নিজেই। গ্রন্থটির দাম ভারতীয় মুদ্রায় ১০০ রুপি।