কবিগুরুর নামে আন্তর্জাতিক পুরস্কার চালু করছে ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত সরকার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নামাঙ্কিত একটি আন্তর্জাতিক পুরস্কার প্রবর্তন করতে যাচ্ছে। এই পুরস্কারের অর্থমূল্য হবে এক কোটি রুপি। বিশ্বভ্রাতৃত্ব এবং মৈত্রী প্রতিষ্ঠায় আন্তর্জাতিক স্তরে বিশেষ অবদান রাখার জন্য ব্যক্তি বা কোনো সংস্থাকে এই পুরস্কার দেওয়া হবে। বুধবার ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর লেখায় এবং সামগ্রিক সৃষ্টিকর্মে বিশ্বভ্রাতৃত্ব প্রসারে অতুলনীয় অবদান রেখে গেছেন। সেই কারণে বিশ্বভ্রাতৃত্ব এবং মৈত্রী বন্ধনের জন্য যাঁরা অবদান রাখবেন, তাঁদের মধ্য থেকে সেরা ব্যক্তি বা সংস্থাকে দেওয়া হবে এই পুরস্কার। এখন পুরস্কারের যাবতীয় খুঁটিনাটি বিষয় খতিয়ে দেখছে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রণালয়।প্রতিবছর ২৫ বৈশাখ কবিগুরুর জন্মদিনে এই পুরস্কার দেওয়া হবে। এ বছর এই পুরস্কার কে পাচ্ছেন, তা ঘোষণা করা হবে আগামী বছরের ২৫ বৈশাখ।