আদর্শ নির্বাচন বিধি লঙ্ঘনের এমন অভিযোগের মীমাংসা ভারতের নির্বাচন কমিশনকে সম্ভবত আগে কখনো করতে হয়নি। আগ্রহ তাই অসীম।
একটি বাক্য নিয়ে অভিযোগ। বাক্যটি একটি কবিতার নির্যাস, যা প্রায় ৪২৫ বছর আগে ব্রিটিশ কবি জন লিলির ইউফুয়েজ কাব্যগ্রন্থে স্থান পেয়েছিল। ১৫৭৮ সালে জন লিলির ওই কবিতার পরই বিখ্যাত হয়ে যায় এই লাইনটি, ‘অল ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার’। অর্থাৎ প্রেম ও রণে জেতার জন্য সবকিছুই ঠিক।
পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার সিপিএমের সম্পাদক অমল হালদার রাজ্যের মন্ত্রী বর্ধমান জেলার বিধায়ক স্বপন দেবনাথের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানান। মন্ত্রী দলীয় কর্মিসভায় বারবার নাকি উচ্চারণ করেছিলেন, ‘অল ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার।’
অমল হালদার অভিযোগ করেন, এর মাধ্যমে শাসক দলের মন্ত্রী দলীয় কর্মীদের ভোটে জিততে যা কিছু দরকার সবই করার নির্দেশ দিয়েছেন।
দিল্লিতে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কর্মকর্তা জনান্তিকে নিশ্চিত করেন, ‘বিষয়টি বেশ কঠিন, আবার ইন্টারেস্টিংও বটে।’ তাঁর কথায়, ‘একটা কবিতার লাইন প্রায় আপ্তবাক্যে পরিণত হয়েছে। এই কথার বহু রকম ব্যাখ্যা করা যায়।’
প্রেমে ও রণে জেতার জন্য অন্যায় যেমন কিছুই নেই, তেমনই ভোটযুদ্ধে জিততে একেকটি বিষয়ও যেন কবর থেকে বেরিয়ে আসছে। এই যেমন উইকিলিকসের টুইটের পাশাপাশি উঠে এল অর্ধশতাব্দী প্রাচীন ভারত-চীন যুদ্ধের ব্যর্থতার দোষারোপের কাহিনি। উইকিলিকসের টুইটকে কংগ্রেস ঝাঁপিয়ে পড়ে ধরতে না ধরতেই অস্ট্রেলীয় সাংবাদিক নেভিল ম্যাক্সওয়েলের ফাঁস করা হেন্ডারসন ব্রুক্স ও পি এস ভগতের গোপন প্রতিবেদনকে হাতিয়ার করে ফেলল বিজেপি। আজ পর্যন্ত সরকার ওই প্রতিবেদন প্রকাশ করেনি।
উইকিলিকস গত সোমবার এক টুইটে জানিয়েছে, নরেন্দ্র মোদিকে তাঁরা ‘সততার প্রতীক’ আখ্যা দেননি। ২০০৬ সালে মুম্বাইয়ে মার্কিন কনসাল মিশেল আওয়েন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের পর ওয়াশিংটনে যে বার্তা পাঠিয়েছিলেন, তাতে রাজকোটের কংগ্রেস নেতা মনোহরসিংয়ের একটা কথা স্থান পেয়েছিল।
ভারত-চীন যুদ্ধ ৫২ বছরের প্রাচীন। আওয়েন-মোদি বৈঠক আট বছরের পুরোনো। লিলির কবিতা প্রায় ৪২৫ বছর আগে লেখা। সবই এই ভোটযুদ্ধে প্রাসঙ্গিক হয়ে গেল।