কবির সুমনের সঙ্গে মমতার দ্বন্দ্ব বাড়ছে
প্রখ্যাত সংগীতশিল্পী ও তৃণমূল সাংসদ কবির সুমনের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আবার রাজনৈতিক সংঘাত শুরু হয়েছে। নিহত মাওবাদী নেতা কিষেনজিকে নিয়ে গান তৈরির পর থেকে এ সংঘাতের শুরু। অবশ্য গানের কথায় তিনি কিষেনজির নাম উল্লেখ করেননি।এর আগে পশ্চিমবঙ্গের জঙ্গলমহলের পুলিশি সন্ত্রাসবিরোধী জনগণের কমিটির নেতা ছত্রধর মাহাতকে গ্রেপ্তারের পর তাঁকে নিয়ে গান বেঁধেছিলেন কবির সুমন। এর আগে মমতার রাজনৈতিক অবস্থান নিয়ে তিনি মমতার প্রকাশ্য সমালোচনা করেন। সেই থেকে মমতার সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হয়। মুখ্যমন্ত্রী মমতাও সম্প্রতি মহাকরণে বলেছিলেন, ‘সুমন চরমপন্থীদের সমর্থক। আমি না বুঝে তাঁকে প্রার্থী করে ভুল করেছিলাম।’বিক্ষুব্ধ কবির সুমন নিজের ওয়েবসাইটে ১৪ পৃষ্ঠাজুড়ে একটি লেখায় মমতা এবং তৃণমূল কংগ্রেসের কড়া সমালোচনা করেন। এতে তিনি লিখেছেন, ‘উনি আমাকে বহিষ্কার করুন। কয়েক মাস আগে আমি উনাকে টেলিফোনে জানিয়েছিলাম, উনি চাইলে আমি নিজেকে সরিয়ে নেব। তারও আগে ছত্রধর মাহাতকে নিয়ে গান লেখায় ওনার সঙ্গে আমার মতপার্থক্য হয়েছিল। তখনই আমি তাঁকে জানিয়েছিলাম, আমি কোনো রাজনৈতিক দলের সাংসদ নই। আমি প্রথমে সুমন।’