কবে ক্ষমতা হস্তান্তর করবেন, জানেন না শাভেজ
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শাভেজ বলেছেন, তিনি জানেন না তাঁর ক্ষমতা কবে হস্তান্তর করবেন। এ ছাড়া এখন পর্যন্ত তাঁর কোনো উত্তরসূরি পাওয়া যায়নি। বুধবার ব্রাজিল সফরকালে সাংবাদিকদের এসব কথা বলেন শাভেজ। এ সময় ব্রাজিলের প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা ডা সিলভা তাঁর পাশে ছিলেন।শাভেজ বলেন, ‘আমার উত্তরসূরির কাছে কখন ক্ষমতা হস্তান্তর করা হবে? আমি জানি না। এ ধরনের কোনো পরিকল্পনা নেই আমার। এই মুহূর্তে আমার কোনো উত্তরসূরিও নেই।’ ভেনেজুয়েলায় শাভেজের মিত্ররা দেশটির সংবিধান সংশোধন করেছেন। এর ফলে শাভেজ অসংখ্যবার পুনর্নির্বাচনে অংশ নিতে পারবেন। শাভেজ বলেন, ‘আমি প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ভেনেজুয়েলায় ১১ বার নির্বাচন হয়েছে।’ দেশটিতে ২০১২ সালে আবারও প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে। এ ব্যাপারে শাভেজ বলেন, ‘সময় আসুক। তখন দেখা যাবে। যদি ভেনেজুলার জনগণ ও আমার পার্টি আমাকে চায়, আবারও প্রার্থী হব। এ ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।’ এএফপি।