কম ঘুমের কারণে তরুণ-তরুণীদের মধ্যে দেখা দিতে পারে বিষণ্নতা
ঘুম কম হওয়ার কারণে তরুণ-তরুণীদের মধ্যে বিষণ্নতা দেখা দিতে পারে। দেখা দিতে পারে আত্মহত্যার প্রবণতা। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে কলাম্বিয়া ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারের সদ্য প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনের ফলাফলে এ কথা বলা হয়েছে। গবেষণা দলের প্রধান জেমস গ্যাংগুইস বলেন, ‘বিষণ্নতার অন্যতম কারণ অপর্যাপ্ত ঘুম—এই ধারণার সঙ্গে আমাদের গবেষণার ফলাফল সংগতিপূর্ণ।’ তিনি আরও বলেন, অপরদিকে পর্যাপ্ত ঘুম বিষণ্নতার বিরুদ্ধে প্রতিষেধক হিসেবে কাজ করে। এটা বিষণ্নতার এক ধরনের চিকিত্সাও। শুক্রবার বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের একটি সাময়িকীতে এই গবেষণার ফলাফল প্রকাশিত হয়। গবেষণার প্রতিবেদনে বলা হয়, ১৫ হাজার ৬৫৯ জন তরুণ-তরুণীর রাত্রিকালীন ঘুমের অভ্যাস পর্যবেক্ষণ করে দেখা গেছে, যারা লাগাতারভাবে মধ্যরাতের পর বিছানায় যায়, তাদের বিষণ্নতার ঝুঁকি যারা রাত ১০টার আগে বিছানায় যায় তাদের তুলনায় ২৪ শতাংশ বেশি। তা ছাড়া গভীর রাতে ঘুমাতে যাওয়া লোকদের মধ্যে আত্মহত্যার চিন্তাভাবনাও বেশি দেখা দেয়। গবেষকেরা তরুণদের রাতে অন্তত নয় ঘণ্টা অথবা তার চেয়েও বেশি সময় ঘুমানোর সুপারিশ করেছেন। গবেষণা অনুযায়ী, যারা রাত ১০টার আগে বিছানায় যায়, তারা গড়ে প্রায় আট ঘণ্টা ঘুমায়। কিন্তু মধ্যরাতের পর যারা বিছানায় যায়, তাদের ঘুম হয় অনেক কম। গবেষণায় আরও বলা হয়, যেসব তরুণ-তরুণী রাতে পাঁচ ঘণ্টা অথবা তার চেয়েও কম ঘুমায়, তাদের ৭১ শতাংশ বিষণ্নতায় ভুগতে পারে। এএফপি।