কম ব্যবধানে দ্বিতীয় গর্ভধারণ অটিজমের ঝুঁকি বাড়ায়
কম সময়ের ব্যবধানে দ্বিতীয়বার গর্ভধারণ সন্তানের অটিজমের ঝুঁকি বাড়ায়। চিকিৎসাবিজ্ঞানীদের এক গবেষণায় এ তথ্য বেরিয়ে এসেছে। গবেষণায় দেখা গেছে, এক বছরের কম সময়ের ব্যবধানে দ্বিতীয় সন্তান জন্ম নিলে ওই দ্বিতীয় সন্তানের অটিজমে আক্রান্ত হওয়ার ঝুঁকি তিন গুণ বেড়ে যায়।চিকিৎসাবিজ্ঞানীদের পরিচালিত সমীক্ষায় দেখা যায়, মাতৃগর্ভে ভ্রূণশিশু সঠিকভাবে বেড়ে উঠতে ফলিক এসিডের মতো কিছু প্রয়োজনীয় পুষ্টিকর উপাদানের প্রয়োজন হয়। সন্তান প্রসবের পর এসব উপাদান গর্ভাশয় থেকে প্রায় নিঃশেষ হয়ে যায়। এসব উপাদান আবার আগের অবস্থায় ফিরে আসতে কিছুটা সময় লাগে। এ কারণে প্রথম সন্তান প্রসবের পরপরই আবার কোনো নারী অন্তঃসত্ত্বা হলে দ্বিতীয় শিশুটির গর্ভে বেড়ে ওঠার সময় পুষ্টিহীনতায় ভোগার ঝুঁকি থাকে। আর এ কারণে এক অথবা দুই বছরের ব্যবধানে জন্ম নেওয়া দ্বিতীয় শিশুটির অটিস্টিক হওয়ার ঝুঁকি অনেক বেড়ে যায়।গবেষকেরা বলেছেন, বড় ভাই বা বোনের চেয়ে এক-দুই বছরের ছোট—এ ধরনের প্রতি এক হাজার শিশুর মধ্যে ৭ দশমিক ৫ জনের মধ্যে তাঁরা অটিজমের রোগ লক্ষণ পেয়েছেন। অন্যদিকে বড় ভাই বা বোনের তিন বছর পরে জন্ম নেওয়া প্রতি এক হাজার শিশুর মধ্যে মাত্র ২ দশমিক ৫ জন শিশুর মধ্যে এ ধরনের রোগের লক্ষণ পাওয়া গেছে।গবেষণায় আরও দেখা গেছে, কম সময়ের ব্যবধানে জন্ম নেওয়া শিশুদের বেশির ভাগই স্বাভাবিক ওজন নিয়ে জন্মায় না। তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও সাধারণত অনেক কম থাকে। রয়টার্স ও টাইম ম্যাগাজিন।