কমনওয়েলথ ছাড়ল আফ্রিকার গাম্বিয়া
কমনওয়েলথে যোগদানের ৪৮ বছর পর সংগঠনটি ছেড়ে দিল পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া। দেশটির সরকার গত বুধবার এক বিবৃতিতে এ ঘোষণা দেয়। তারা ৫৪ সদস্যের সংগঠনটিকে ‘নব্য-উপনিবেশবাদী প্রতিষ্ঠান’ হিসেবে আখ্যা দিয়েছে।
যুক্তরাজ্য ও এর সাবেক উপনিবেশগুলোর সমন্বয়ে ১৯৪৯ সালে আধুনিক কমনওয়েলথের যাত্রা শুরু হয়। মূল সংগঠনটি অবশ্য ১৯৩১ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। গাম্বিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ওই বিবৃতিতে বলা হয়, সরকার ব্রিটিশ কমনওয়েলথের সদস্যপদ ছেড়ে দিয়েছে। গাম্বিয়া আর কখনো কোনো নব্য-উপনিবেশবাদী প্রতিষ্ঠানের সদস্য না হওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
গাম্বিয়ার এ সিদ্ধান্ত ‘অত্যন্ত দুঃখজনক’ বলে মন্তব্য করেছে যুক্তরাজ্য।
গাম্বিয়ার প্রেসিডেন্ট ইয়াহিয়া জামেহ ১৯৯৪ সালে এক অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় আসেন। তাঁর সরকারের সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্কে টানাপোড়েন চলছিল। তিনি দুই বছর আগে অভিযোগ করেন, গাম্বিয়ার বিরোধী দলকে সমর্থন দিচ্ছে যুক্তরাজ্য।
আফ্রিকার দেশটিতে মানবাধিকার লঙ্ঘনের নানা অভিযোগসংবলিত একটি প্রতিবেদন চলতি বছরের শুরুতে ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর থেকে প্রকাশিত হয়। গাম্বিয়া ১৯৬৫ সালে কমনওয়েলথে যোগ দিয়েছিল। সংগঠনটি থেকে ২০০৩ সালে পদত্যাগ করেছে জিম্বাবুয়ে। বিবিসি।