কমনওয়েলথ সম্মেলনে যাচ্ছেন না মনমোহন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মনমোহন সিং
মনমোহন সিং

শেষ পর্যন্ত কমনওয়েলথের আসন্ন কলম্বো সম্মেলনে না যাওয়ারই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং। গতকাল রোববার বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
কমনওয়েলথ সম্মেলনে যোগ না দেওয়ার জন্য মনমোহনের ওপর তামিলনাড়ুর রাজনৈতিক দলগুলোসহ বিভিন্ন মহলের চাপ ছিল।
১৫ থেকে ১৭ নভেম্বর কলম্বোতে কমনওয়েলথভুক্ত রাষ্ট্রগুলোর সরকারপ্রধানদের সম্মেলন হবে।
শ্রীলঙ্কার সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এবং সংখ্যালঘু তামিলদের ক্ষমতায়ন করতে ‘ব্যর্থতার’ কারণে তামিলনাড়ুর রাজনৈতিক নেতাদের পাশাপাশি ভারতের কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রীও দেশটির প্রতি ক্ষুব্ধ। এমন প্রেক্ষাপটে ভারতের কেন্দ্রীয় সরকার গত শনিবার সিদ্ধান্ত নেয়, মনমোহন ওই বৈঠকে যাবেন না। গতকাল শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে চিঠি দিয়ে বিষয়টি ব্যাখ্যা করেন মনমোহন। এর আগে তাঁর দল কংগ্রেসও অনুরূপ সিদ্ধান্ত নেয়।
প্রধানমন্ত্রী মনমোহন না যাওয়ায় এখন কলম্বো সম্মেলনে ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ। তিনি বলেন, ‘আমি মনে করি না যে এই সিদ্ধান্তের ব্যাপারে আমাদের কেবল একটি কারণের দিকে তাকানো উচিত। আমরা যেন এটা না ভুলে যাই যে প্রধানমন্ত্রী সব সময় কমনওয়েলথ (সম্মেলনে) যান না। তবে এটাও সত্যি যে তামিলনাড়ুর বিষয়টি সামনে রয়েছে।’
এদিকে শ্রীলঙ্কায় গৃহযুদ্ধের সময় যেসব যুদ্ধাপরাধ সংঘটিত হওয়ার অভিযোগ উঠেছে, সেসব বিষয়ে দেশটিকে ‘গুরুতর প্রশ্নে’র উত্তর দিতে হবে বলে মন্তব্য করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। আইএএনএস ও বিবিসি।