যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা সংস্থা ভারতকে এই মর্মে একটি হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দিয়েছে, ভারতের রাজধানী নয়াদিল্লিতে আসন্ন কমনওয়েলথ গেমস চলার সময় জঙ্গিরা হামলা চালাতে পারে। শুক্রবার ভারতের সংবাদ সংস্থার কাছে এ কথা জানিয়েছেন মার্কিন গোয়েন্দা সংস্থা স্টাটফোরের কর্মকর্তা স্কট স্টুয়ার্ট। তিনি জানান, এ বছরের ফেব্রুয়ারি মাসের ১৩ তারিখে পুনে বিস্ফোরণের ঠিক দুই দিন পর জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তাইয়েবা বিশ্বকাপ হকি, আইপিএল এবং কমনওয়েলথ গেমসের সময় হামলা চালাবে বলে হুমকি দিয়েছিল। সেই হুমকির পরিপ্রেক্ষিতেই স্টুয়ার্ট জানিয়েছেন, অক্টোবরে শুরু হওয়া কমনওয়েলথ গেমসে জঙ্গি হামলার আশঙ্কা থেকে যাচ্ছে। তিনি এ কথাও বলেছেন, লস্কর ছাড়াও অন্যান্য জঙ্গি সংগঠনও হামলা চালাতে পারে। আগামী ৩ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত ভারতের রাজধানী নয়াদিল্লিতে বসছে কমনওয়েলথ গেমসের আসর। এতে যোগ দেবে ৭০টি দেশ।