কমনওয়েলথে মালদ্বীপের সদস্যপদ নিয়ে আলোচনা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কমনওয়েলথের একটি প্যানেল মালদ্বীপ প্রশ্নে আগামী সপ্তাহের মধ্যে বৈঠকে বসছে। এতে মালদ্বীপের সদস্যপদ নিয়ে আলোচনা হবে। পাশাপাশি দেশটির সাম্প্রতিক ঘটনা নিয়ে তৈরি তদন্ত প্রতিবেদনের ওপর আলোচনা হবে।মালদ্বীপে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদের ক্ষমতাচ্যুত হওয়ার বিষয়টি কমনওয়েলথের গণতান্ত্রিক মানদণ্ডের লঙ্ঘন—এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে কমনওয়েলথ এ পদক্ষেপ নিয়েছে।কমনওয়েলথ সচিবালয়ের এক বিবৃতিতে বলা হয়, সংস্থাটির তিন সদস্যের একটি দল গত রোববার মালদ্বীপে তদন্ত শেষ করেছে। কমনওয়েলথভুক্ত দেশগুলোর রাজনৈতিক মতাদর্শের গুরুতর লঙ্ঘন নিয়ে কাজ করে—সংস্থার এমন একটি প্যানেলের কাছে প্রতিবেদন জমা দেবে তদন্ত দল।গত রোববার রাতে মালদ্বীপ ত্যাগের সময় ওই তদন্ত দল এক বিবৃতিতে বলেছে, ‘আমাদের পর্যবেক্ষণ ও সুপারিশমালা কমনওয়েলথ মিনিস্টারিয়াল অ্যাকশন গ্রুপের (সিএমইজি) কাছে উপস্থাপন করা হবে এবং আগামী সপ্তাহে সিএমইজি বিষয়টি নিয়ে বৈঠকে বসবে।’মন্ত্রিসভায় গাইয়ুমের মেয়ে: মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ ওয়াহিদ গত রোববার মন্ত্রিসভা সম্প্রসারণ করেছেন। নতুন মুখ হিসেবে মন্ত্রিসভায় স্থান পেয়েছেন সাবেক প্রেসিডেন্ট মামুন আবদুল গাইয়ুমের মেয়ে দুনিয়া মামুন। তাঁকে পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।বিশ্লেষকেরা বলছেন, মোহাম্মদ নাশিদকে ক্ষমতাচ্যুত করার পেছনে সাবেক একনায়ক মামুন আবদুল গাইয়ুমের যে ভূমিকা ছিল, এ নিয়োগের মধ্য দিয়ে তা স্পষ্ট হচ্ছে। এএফপি ও টাইমস অব ইন্ডিয়া।