যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় সেনা কর্মকর্তারা বলেছেন, প্রেসিডেন্ট বারাক ওবামা তাঁদের পরামর্শের চেয়ে বেশি জোরালোভাবে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। তাঁরা সতর্ক করে দিয়ে বলেন, এ সিদ্ধান্তে আফগানিস্তানে চলমান তালেবানবিরোধী মার্কিনযুদ্ধ ঝুঁকির মধ্যে পড়তে পারে। তবে সেনা কর্মকর্তারা প্রেসিডেন্টের সিদ্ধান্তের বিরোধিতা করেননি।প্রেসিডেন্ট ওবামা গত বুধবার ইতিপূর্বে দেওয়া প্রতিশ্রুতিমতো আফগানিস্তান থেকে পর্যায়ক্রমে মার্কিন সেনা প্রত্যাহার করার ঘোষণা দেন। তিনি বলেন, আগামী বছরের সেপ্টেম্বরের মধ্যে ৩৩ হাজার সেনা প্রত্যাহার করা হবে। এর মধ্যে ১০ হাজার সেনা ফিরিয়ে নেওয়া হবে এ বছরই।সেনাবাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফ চেয়ারম্যান মাইক মুলেন বলেন, তাঁরা আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারে যে পরামর্শ দিয়েছেন, প্রেসিডেন্ট ওবামার ঘোষণা তার চেয়ে বেশি জোরদার। আফগানিস্তানে মার্কিন বাহিনীর প্রধান জেনারেল ডেভিড পেট্রাউসও এ ব্যাপারে একই ধরনের মন্তব্য করেন।মাইক মুলেন বলেন, কোনো কমান্ডার চান না, যুদ্ধ চলাকালে তার শক্তি কমিয়ে দেওয়া হোক। তবে বেশি সেনা মোতায়েন রাখার একটা বিপদের কথাও বলেন তিনি। তা হলো, এটি আফগানিস্তানকে মার্কিন সামরিক উপস্থিতির ওপর আরও বেশি নির্ভরশীল করে তুলবে।প্রেসিডেন্টের সিদ্ধান্তের কারণে পদত্যাগ করবেন কি না, সিনেটর কার্ল লেভিনের এমন প্রশ্নের জবাবে ডেভিড পেট্রাউস বলেন, ‘ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি না হলে একজন কমান্ডার এমন বিবেচনা করতে পারেন বলে আমি মনে করি না।’ প্রেসিডেন্ট ওবামার এমন সিদ্ধান্তের প্রতিবাদে পদত্যাগ করা উচিত—এমন অনেক ই-মেইল পেয়েছেন বলে ইঙ্গিত দেন পেট্রাউস। তিনি বলেন, ‘এটা খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এটা আমি, মাইক মুলেন বা সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল জেমস এন ম্যাটিস যেমনটা নিতেন, তার চেয়ে অনেক বেশি আক্রমণাত্মক সিদ্ধান্ত।’এদিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস বলেছেন, আফগানযুদ্ধের প্রতি মার্কিনদের ক্রমহ্রাসমান সমর্থন প্রেসিডেন্ট ওবামার সিদ্ধান্তের পেছনের অন্যতম কারণ। তিনি আরও বলেন, আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে মার্কিন জনগণের সমর্থনের বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। গত বৃহস্পতিবার তিনি বার্তা সংস্থা এএফপিকে জানান, হোয়াইট হাউসে সেনা প্রত্যাহারের সুবিধা-অসুবিধা নিয়ে বিতর্ক হয়েছে। সেখানে আফগানিস্তানের পরিস্থিতি শুধু নয়, মার্কিন রাজনৈতিক অঙ্গনে সম্ভাব্য প্রভাবও আলোচিত হয়েছে।প্রেসিডেন্ট ওবামার ঘোষণার পর পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনও রাজনৈতিক দিকটির উল্লেখ করে বলেন, ২০১১ সালের জুলাই মাসের মধ্যে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার শুরু করবেন বলে প্রেসিডেন্ট ওবামা অঙ্গীকার করেছিলেন। এ ঘোষণার মধ্য দিয়ে তিনি সেই অঙ্গীকার পূরণ করলেন। আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই প্রেসিডেন্ট ওবামার এ ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। বিশ্লেষকেরা মনে করেন, আফগানিস্তানে মোতায়েন মার্কিন সেনারা ২০১৪ সালের ডিসেম্বর পর্যন্ত আক্রমণাত্মক সামরিক অভিযানে থাকবে। এএফপি, বিবিসি।