কমিউনিস্ট পার্টির নেতৃত্ব ছাড়লেন ফিদেল, নতুন নেতা রাউল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রো দেশটির কমিউনিস্ট পার্টির নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছেন । ফিদেলের উত্তরসুরি নির্বাচিত হয়েছেন তাঁরই ছোট ভাই ও দেশটির প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো। গতকাল মঙ্গলবার রাজধানী হাভানায় চার দিনব্যাপী কমিউনিস্ট পার্টির ষষ্ঠ সম্মেলনে দলের কেন্দ্রীয় কমিটির নির্বাচনে রাউলের নেতা হওয়ার বিষয়টি চূড়ান্ত হয়।এর কয়েক ঘণ্টা আগে ‘কিউবাডিবেট ডট সিইউ’ নামের ওয়েবসাইটে লেখা একটি নিবন্ধে ফিদেল কাস্ত্রো দলের নেতৃত্ব ছেড়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।কিউবাডিবেট ডট সিইউতে লেখা নিবন্ধে ফিদেল বলেন, ‘রাউল আগে থেকেই জানেন আমি এখন দলে আনুষ্ঠানিক কোনো পদ গ্রহণ করব না। আমি সব সময় রাউলকে ফার্স্ট সেক্রেটারি ও কমান্ডার ইন চিফ হিসেবেই মনে করি। রাউল তাঁর চিন্তাধারা ও পরিকল্পনা আমাকে জানাতে কখনোই ভুল করেননি।’ ফিদেল আরও বলেন, ‘আমি এত দিন অনেক সম্মান পেয়েছি। কখনোই ভাবিনি এত বেশি দিন বাঁচব।’ফিদেল কাস্ত্রোর বয়স এখন ৮৪ বছর। ১৯৬৫ সালে কমিউনিস্ট পার্টি গঠনের পর থেকেই তিনি দলীয় প্রধান হিসেবে ফার্স্ট সেক্রেটারি পদে রয়েছেন। ২০০৬ সালে স্বাস্থ্যগত কারণে তিনি দলের ভার নিজের ছোট ভাই রাউলের হাতে তুলে দেন। তবে আনুষ্ঠানিকভাবে তিনিই দলের ফার্স্ট সেক্রেটারি ছিলেন।২০০৮ সালে ফিদেলের কাছ থেকে কিউবার ক্ষমতা গ্রহণ করেন রাউল। দুই ভাই মিলে ৫২ বছর ধরে দেশটি শাসন করছেন।চার দিনব্যাপী কমিউনিস্ট পার্টির ষষ্ঠ সম্মেলন গতকাল শেষ হয়। শেষ দিনে সম্মেলনে ফিদেল কাস্ত্রো উপস্থিত ছিলেন। এর আগের দিন সোমবার দলের নতুন কমিটি নির্বাচিত হয়। দলের এক হাজার প্রতিনিধি ওই সম্মেলনে যোগ দেন। তাঁরা দলটির ১০০ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি, ১৯ সদস্যবিশিষ্ট পলিটব্যুরো ও ১০ সদস্যের সেক্রেটারিয়েট নির্বাচিত করেন।সম্মেলনে দেশটির অর্থনৈতিক সংস্কারের বিষয়টি অনুমোদন করা হয়। পাশাপাশি ব্যক্তিগত সম্পত্তি রাখা যাবে বলে সিদ্ধান্ত হয়। ৫০ বছর ধরে দেশটিতে শুধু নিজের বাড়ি ছেলেমেয়েদের কাছে হস্তান্তর করা যেত। কোনো কোনো ক্ষেত্রে অদলবদল করা যেত। কিন্তু সেই পদ্ধতি ছিল খুবই জটিল ও অনেক ক্ষেত্রেই দুর্নীতিগ্রস্ত। ব্যক্তিগত সম্পত্তি রাখা যাবে—সিদ্ধান্ত হলেও কীভাবে এই সম্পত্তি বিক্রি করা যাবে, সে ব্যাপারে বিস্তারিত কিছু বলা হয়নি।প্রসঙ্গত, ১৪ বছরের মধ্যে এই প্রথমবারের মতো কিউবার কমিউনিস্ট পার্টির সম্মেলন অনুষ্ঠিত হলো।এদিকে রাউল কমিউনিস্ট পার্টির ফার্স্ট সেক্রেটারি হলেও দলটির দ্বিতীয় শীর্ষ পদে কে আসছেন তা নিয়ে কৌতূহল রয়েছে। কারণ, রাউলের মেয়াদ শেষে দ্বিতীয় শীর্ষ পদে থাকা নেতাই কিউবার ক্ষমতায় আসার কথা।এর আগে গত শনিবার সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রেসিডেন্ট রাউল ঘোষণা করেন, কিউবায় প্রেসিডেন্ট ও রাজনৈতিক দলের শীর্ষ পদগুলোতে কোনো ব্যক্তি দুই মেয়াদে মোট ১০ বছরের বেশি থাকতে পারবেন না। দেশ ও জনগণের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি নিজের কথা উল্লেখ করে বলেন, বর্তমান প্রেসিডেন্ট ও মন্ত্রীদের ক্ষেত্রেও এটা কার্যকর হবে। এএফপি ও বিবিসি।