কম্পিউটারের প্রেমে পড়বে মানুষ!
এমন দিন খুব বেশি দূরে নেই, যখন কম্পিউটারের প্রেমে পড়বে মানুষ৷ মাত্র ১৫ বছরের মধ্যেই দেখা যাবে সেই বাস্তবতা৷ প্রযুক্তিবিদেরা এ রকমই ভবিষ্যদ্বাণী করেছেন৷ খবর ইনডিপেনডেন্টের৷
বিজ্ঞান কল্পকাহিনিনির্ভর হার চলচ্চিত্রে যে পৃথিবীকে তুলে ধরা হয়েছে, সেখানে একজন মানুষ ও একটি বুদ্ধিমান কম্পিউটার নিয়ন্ত্রণব্যবস্থার মধ্যে ঘনিষ্ঠতা গড়ে ওঠে৷ সেই সম্পর্কটি আমাদের ভাবনার চেয়েও বেশি অন্তরঙ্গ৷ বিখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান গুগলের প্রকৌশল পরিচালক রে কুর্জওয়েইল যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গত সপ্তাহে এক সম্মেলনে দাবি করেন, প্রযুিক্ত একসময় মানুষের সঙ্গে মানুষের আবেগপ্রবণ সম্পর্ক গড়ে তোলার উপযোগী হয়ে উঠবে৷ তাঁর হিসাবে কম্পিউটারের আবেগময় বুদ্ধিমত্তা ২০২৯ সালের মধ্যেই পৌঁছে যাবে মানুষের পর্যায়ে৷ আর তখন সেই যন্ত্র মানুষের মতোই কৌতুক বা মজা করতে পারবে এবং কখনো রোমান্টিক ও কখনো আবেদনময়ী সঙ্গীর ভূমিকায় অবতীর্ণ হবে৷ হার সিনেমায় সেই ভবিষ্যৎ বাস্তবতাকেই তুলে ধরা হয়েছে৷
কণ্ঠস্বর শনাক্তকারী সফটওয়্যার এবং গুগলের স্বয়ংক্রিয় মোটরগাড়ি প্রভৃতি প্রযুক্তি উদ্ভাবনের মধ্য দিয়ে যন্ত্র ইতিমধ্যে মানুষের কাছাকাছি পৌঁছানোর চেষ্টায় অনেক দূর এগিয়ে গেছে৷ রে কুর্জওয়েইল প্রযুক্তির ভবিষ্যৎ নিয়ে সম্প্রতি আরেকটি গুরুত্বপূর্ণ ভবিষ্যদ্বাণী করেছেন৷ তিনি বলেছেন, ক্যানসারের মতো মারণব্যাধি এবং মানুষের বুড়িয়ে যাওয়ার প্রক্রিয়া রুখতে ‘প্রোগ্রামিং’ জিন ব্যবহারে সাফল্যের উজ্জ্বল সম্ভাবনা হয়ে উঠছে৷ আর ত্রিমাত্রিক (থ্রিডি) প্রযুক্তির প্রিন্টার ব্যবহার করে তৈরি পোশাকের ব্যবহারের মাধ্যমেও যুগান্তকারী পরিবর্তন আসতে পারে৷
৬৬ বছর বয়সী কুর্জওয়েইল বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে অাগেও কয়েকটি নির্ভুল ভবিষ্যদ্বাণী করেছেন৷ কম্পিউটার ১৯৯৮ সালের মধ্যে দাবা খেলায় মানুষকে হারিয়ে দিতে পারবে বলে তিনি ১৯৯০ সালেই মন্তব্য করেছিলেন৷