কম্বোডিয়ায় পার্লামেন্ট নির্বাচনে ভোট গ্রহণ শুরু

কম্বোডিয়ায় আজ রোববার পার্লামেন্ট নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। ক্ষমতাসীন কম্বোডিয়ান পিপলস পার্টির (সিপিপি) প্রধানমন্ত্রী হুন সেন আবারও জয়ী হওয়ার ব্যাপারে আশাবাদী।
বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, আজ সকাল সাতটায় ভোট গ্রহণ শুরু হয়। চলবে বেলা তিনটা পর্যন্ত। নির্বাচনে ৯৬ লাখেরও বেশি ভোটার ভোট দেবেন। সন্ধ্যানাগাদ নির্বাচনের প্রাথমিক ফলাফল পাওয়া যাবে।
সকালেই ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী হুন সেন। ২৮ বছর ধরে ক্ষমতায় আছেন তিনি। অন্তত আরও এক দশক ক্ষমতায় থাকতে চান। তবে নির্বাসিত বিরোধী দলের নেতা স্যাম রেইনসির প্রত্যাবর্তনের কারণে তাঁর এই স্বপ্নপূরণ খুব একটা সহজ হবে না।
১৯৮৫ সাল থেকে কম্বোডিয়ার ক্ষমতায় আছেন হুন সেন। ১৯৯৮ সালের পর থেকে প্রতিটি পার্লামেন্ট নির্বাচনেই তাঁর দল সিপিপির সংখ্যাগরিষ্ঠতা উত্তরোত্তর বেড়েছে। বর্তমান পার্লামেন্টের ১২৩ আসনের ৯০টিই সিপিপির।
বিরোধী দল কম্বোডিয়ান ন্যাশনাল রেসকিউ পার্টি (সিএনআরপি) পরিবর্তনের ডাক দিয়েছে। দেশটির তরুণ ভোটাররা দলটিকে সমর্থন দেবেন বলে ধারণা করা হচ্ছে। ফলে পার্লামেন্ট নির্বাচনে দলটি উল্লেখযোগ্য সংখ্যক আসন পেতে পারে।
নির্বাচনের আগেই বিরোধী দল নানা অনিয়মের অভিযোগ তুলেছে। এর মধ্যে রয়েছে ভোটার তালিকা থেকে ১০ লাখ ভোটারের নাম গায়েব, নির্বাচনী সভা-সমাবেশে বাধা, অর্থের বিনিময়ে ভোট কেনা, প্রধানমন্ত্রীর পক্ষে নির্বাচনী প্রচারে নিরাপত্তা বাহিনীর অংশ গ্রহণ।
পর্যবেক্ষকদের মতে, নির্বাচনে জয়ী না হতে পারলেও একটি শক্তিশালী বিরোধী দল হিসেবে কম্বোডিয়ান ন্যাশনাল রেসকিউ পার্টির (সিএনআরপি) উত্থান ঘটতে পারে।
সাবেক খেমাররুজ যোদ্ধা থেকে প্রধানমন্ত্রী হওয়া হুন সেন আমলাতন্ত্র থেকে শুরু করে গণমাধ্যমসহ রাষ্ট্র ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রায় একচ্ছত্র আধিপত্য বজায় রেখেছেন। ক্ষমতাসীন হওয়ায় হুন সেনের কম্বোডিয়ান পিপলস পার্টি (সিপিপি) দশকের পর দশক সরকারের বিভিন্ন পর্যায়ে একচেটিয়া সুযোগ-সুবিধা ভোগ করছে।