কম্বোডিয়ার নির্বাচন কমিটির বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেনের দলের বিতর্কিত বিজয়ের ঘটনায় দেশটির বিরোধী দল গতকাল বৃহস্পতিবার নির্বাচন পরিচালনা কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করেছে।
কম্বোডিয়ান ন্যাশনাল রেসকিউ পার্টির (সিএনআরপি) অভিযোগ, গত জুলাইয়ে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে জাতীয় নির্বাচন কমিটির তিনজন শীর্ষ কর্মকর্তা ও তাঁদের অধস্তন কর্মকর্তারা ভুয়া ভোটার তালিকা দেখিয়ে ভোট জালিয়াতি করেছেন। এর মধ্য দিয়ে তাঁরা নির্বাচনী আইন লঙ্ঘন করেছেন।
নমপেন পৌর আদালতে মামলা করার পর বিরোধী দলের মুখপাত্র বানরোয়েউন বলেন, ‘ভুয়া ভোটার তালিকা দেখিয়ে জনগণের ভোট চুরি করা হয়েছে। এর মধ্য দিয়ে ওই কর্মকর্তারা শাস্তিযোগ্য অপরাধ করেছেন।’
গত রোববার নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে নির্বাচনী ফলাফল ঘোষণা করে। লৌহমানব হুন সেনের কম্বোডিয়ান পিপলস পার্টিকে (সিপিপি) বিজয়ী ঘোষণা করা হয়। দলটি পেয়েছে ৬৮ আসন। বিরোধী দল জিতেছে ৫৫ আসনে। বিবিসি।