কম্বোডিয়ার সাবেক রাজা নরোদম সিহানুকের জীবনাবসান
কম্বোডিয়ার সাবেক রাজা নরোদম সিহানুক (৮৯) আর নেই। চীনের রাজধানী বেইজিংয়ের একটি হাসপাতালে গতকাল সোমবার তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ক্যানসারসহ নানা রোগে ভুগছিলেন।সিহানুকের মরদেহ দেশে নেওয়ার জন্য বেইজিংয়ে গেছেন তাঁর ছেলে ও কম্বোডিয়ার বর্তমান রাজা নরোদম সিহামনি। কম্বোডিয়া সরকারের মুখপাত্র খিউ কানহারিথ বলেন, সিহানুকের মরদেহ কাল বুধবার বিকেলে কম্বোডিয়ায় এসে পৌঁছাবে। তাঁর মৃত্যুতে দেশে সপ্তাহব্যাপী শোক পালন করা হবে। জনসাধারণ সিহানুকের মরদেহের প্রতি শ্রদ্ধা জানানোর সুযোগ পাবে। রাজধানী নমপেনে ওই মরদেহ তিন মাস সবার জন্য উন্মুক্ত রাখা হবে। পরে আড়ম্বরপূর্ণভাবে তাঁর শেষকৃত্য হবে।কম্বোডিয়ার রাজনৈতিক অঙ্গনে গত কয়েক দশকে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন সিহানুক। তিনি ১৯৪১ সালে সিংহাসনে আরোহণ করেন। তাঁর শাসনামলে ১৯৫৩ সালে ফ্রান্সের কাছ থেকে কম্বোডিয়া স্বাধীনতা লাভ করে। ২০০৪ সালে তিনি সিংহাসন ত্যাগ করেন।সিহানুকের সহযোগী ও আত্মীয় প্রিন্স সিসওয়াথ থোমিকো বলেন, ‘রাজা সিহানুকের মৃত্যু দেশের জন্য এক বিরাট ক্ষতি। তিনি গোটা দেশ ও ইতিহাসের অংশ হয়ে গেছেন।’চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, সিহানুকের মৃত্যুতে চীন মহান একজন বন্ধু হারিয়েছে। জাপান সরকারও সিহানুকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে।নরোদম সিহানুকের আন্তর্জাতিক প্রচারের ফলে কম্বোডিয়া রক্তপাত ছাড়াই স্বাধীন হয়। তিনি দেশটির প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন। যুক্তরাষ্ট্র-সমর্থিত এক অভ্যুত্থানে লন নোল কম্বোডিয়ার ক্ষমতা গ্রহণের পর সিহানুককে বেইজিংয়ে নির্বাসনে পাঠানো হয়। ১৯৭৫ সালে খেমাররুজ কম্বোডিয়ার ক্ষমতা দখল করে সিহানুককে বন্দী করে। ভিয়েতনামি বাহিনী খেমাররুজকে উৎখাত করার পর সিহানুক আবার দেশ ছাড়তে বাধ্য হন। তিনি ১৩ বছর নির্বাসনে ছিলেন। জাতিসংঘের উদ্যোগে ভিয়েতনামি বাহিনী ক্ষমতা ছাড়লে কম্বোডিয়ায় গণতন্ত্রের পথ সুগম হয় এবং ১৯৯৩ সালে আবার দেশটির শাসনক্ষমতায় আসেন সিহানুক। বিবিসি ও এএফপি।