কম্বোডিয়ায় এক দিনের শোক পালন
বার্ষিক পানি উৎসবে নিহত ব্যক্তিদের স্মরণে কম্বোডিয়া গতকাল বৃহস্পতিবার এক দিনের জাতীয় শোক পালন করেছে। দিবসটি উপলক্ষে সে দেশের প্রধানমন্ত্রী হুন সেন ও তাঁর স্ত্রী গতকাল সকালে দুর্ঘটনাস্থলে আয়োজিত এক শোকসভায় যোগ দেন।প্রধানমন্ত্রী ফুল দিয়ে নিহত ব্যক্তিদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় বিউগলে করুণ সুর বেজে ওঠে। তখন নিহত ব্যক্তিদের শোকার্ত স্বজনসহ হাজারো মানুষের চোখ অশ্রুতে ভিজে যায়। শোকে মুহ্যমান হয়ে ওঠে ওই এলাকা।জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল সারা দেশে সরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। এ ছাড়া তাঁদের স্মরণ ও তাঁদের আত্মার শান্তি কামনা করে সারা দেশে প্রার্থনাসহ নানা ধর্মীয় আচার পালন করা হয়। অনেক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়।প্রধানমন্ত্রীর পর বিদেশিসহ হাজারো মানুষ সারিবদ্ধ হয়ে একে একে নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানাতে দুর্ঘটনাস্থলে ফুল, ফল, চাল ও পানি দেয়।রাজা সিহামনি এ অনুষ্ঠানে যোগ দেননি। তবে তাঁর বাবা নরোদম সিহানুক বেইজিং থেকে নিহত ব্যক্তিদের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা ও শোকার্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে এক শোকবার্তা পাঠিয়েছেন। বর্তমানে বেইজিংয়ে তাঁর চিকিৎসা চলছে।রাজধানী নমপেনে তিন দিনব্যাপী বার্ষিক পানি উৎসবের শেষ দিন ছিল গত সোমবার। এ সময় একটি সেতুতে হুড়োহুড়িতে পদদলিত হয়ে ও সেতু থেকে পড়ে গিয়ে অন্তত ৩৪৭ জনের মৃত্যু হয়। তাদের মধ্যে ২২১ জনই নারী। দেশটির কর্তৃপক্ষ গতকাল এ সংখ্যা নিশ্চিত করেছে। এর আগে নিহতের এ সংখ্যা ৪৫৬ বলা হয়েছিল। কর্তৃপক্ষ জানিয়েছে, একই মৃতদেহ একাধিকবার গণনার ফলে সংখ্যার তারতম্য দেখা যায়। পরে এ ত্রুটি শোধরানো হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, এ দুর্ঘটনায় অন্তত ৩৯৫ জন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।নিহত ব্যক্তিদের স্মরণে গত বুধবার দেশজুড়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিকে প্রাথমিক তদন্তে বলা হয়েছে, আতঙ্কগ্রস্ত হয়ে লোকজন দিগ্বিদিক ছোটাছুটি শুরু করায় এ দুর্ঘটনা ঘটে। নমপেনের পুলিশপ্রধান টাচ নারুথ বলেছেন, দুর্ঘটনার সময় ৩২৮ ফুট লম্বা ও ২৬ ফুট চওড়া সেতুটিতে অন্তত সাত হাজার মানুষ ছিল। এ ঘটনাকে মর্মান্তিক উল্লেখ করে তিনি বলেন, হাজার হাজার পুলিশ তাঁদের কোনো সহযোগিতাই দিতে পারেনি। কারণ, সেতুটিতে এত বেশি মানুষ ছিল যে সেখানে কাউকে উদ্ধার করতে যাওয়ার কোনো সুযোগই প্রায় ছিল না। এর চেয়ে পরিতাপের আর কী হতে পারে!নল চশিয়েটা (১৮) নামের এক শিক্ষার্থী বলেন, ‘আমি ওই সেতুতে অন্তত চার ঘণ্টা আটকে ছিলাম। একপর্যায়ে সেতু থেকে পানিতে ঝাঁপিয়ে পড়ার আগমুহূর্ত পর্যন্ত আমাদের উদ্ধার করতে কোনো পুলিশকে দেখিনি।’শেষ দিনের উৎসবে অংশ নিতে অন্তত ৫০ লাখ মানুষ রাজধানীতে আসে। নমপেনের ওই সেতুতে জড়ো হওয়ার পর বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার গুজব ছড়িয়ে পড়ে। এতে মানুষ হুড়োহুড়ি শুরু করে বলে ধারণা করা হচ্ছে। এর জের ধরেই এত মানুষ হতাহত হয়।দেশটির প্রধানমন্ত্রী হুন সেন এ দুর্ঘটনার জন্য ক্ষমাপ্রার্থনা করেছেন। তিনি বলেছেন, ১৯৭০-এর দশকে খেমাররুজ নেতা পলপটের দুঃশাসনের পর এটিই সবচেয়ে বড় দুঃখজনক ঘটনা।১৯৭৫-৭৯ সাল পর্যন্ত পল পটের নিপীড়নমূলক শাসনে অন্তত ১৭ লাখ মানুষ প্রাণ হারায়। এএফপি ও বিবিসি অনলাইন।