কম্বোডিয়ায় পানি উৎসবে ৩৮০ জনের মৃত্যু
কম্বোডিয়ার রাজধানী নমপেনে গত সোমবার রাতে একটি উৎসব চলার সময় হুড়োহুড়িতে পদদলিত হয়ে ও সেতু থেকে পড়ে গিয়েকমপক্ষে ৩৮০ জনের মৃত্যু হয়েছে। নমপেনের সঙ্গে পার্শ্ববর্তী একটি দ্বীপের সংযোগসেতুর ওপর এ ঘটনা ঘটে। এ ঘটনায় আগামীকাল বৃহস্পতিবার দেশটিতে এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। যুক্তরাষ্ট্র ও থাইল্যান্ড এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে।বর্ষাকালের সমাপ্তি উপলক্ষে কম্বোডিয়ায় প্রতিবছর আয়োজন করা হয় পানি উৎসবের। মূল অনুষ্ঠান হয় ‘কোহ পিচ’ বা হীরক দ্বীপ নামে পরিচিত নমপেনের পাশের একটি দ্বীপে। সেখানে গানবাজনার অনুষ্ঠান এবং মেলা বসে। বাসসাক নদীর ওপর পায়ে হাঁটার ছোট একটি সেতুর মাধ্যমে ওই দ্বীপটি রাজধানীর সঙ্গে যুক্ত। শহরের জনসংখ্যার প্রায় দ্বিগুণ ২০ লাখ মানুষ এ সময় রাজধানীর বাইরে থেকে এসে উৎসবে যোগ দেয়। ‘বন ওম তৌক’ নামের তিন দিনের এ উৎসবের শেষ দিন ছিল সোমবার। উৎসবের প্রধান আকর্ষণ বাসসাক নদীতে নৌকাবাইচ। এবারের নৌকাবাইচে অংশ নেয় বিশাল লম্বা ও সরু ৪২০টি নৌকা। প্রায় ৮০ জন করে লোক একটি নৌকা চালায়।প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার শেষ রাতের দিকে সেতু পার হওয়ার সময় কয়েকজন বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে বলে গুজব ছড়িয়ে পড়ে। এ ছাড়া সেতুটি ভেঙে পড়ছে বলেও ভিড়ের মধ্যে লোকজন চেঁচামেচি শুরু করে। তখন আতঙ্কে লোকজনের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। এ সময় ভিড়ের মধ্যে পায়ের চাপে পিষ্ট হয়ে ও সেতু থেকে পড়ে গিয়ে কমপক্ষে ৩৮০ জন মারা যায়। এদের অধিকাংশ নারী। এ ছাড়া আহত হয় প্রায় সাড়ে ৭০০ মানুষ।গতকাল সোমবার থেকে তদন্ত শুরু হয়েছে। তবে পুলিশ জানিয়েছে, সেতু পার হওয়ার সময় কেউ বিদুৎস্পৃষ্ট হয়নি। সরকারের মুখপাত্র ফে সিফান বলেন, ‘আতঙ্ক থেকেই এ ঘটনা ঘটেছে। বিদুৎস্পৃষ্ট হওয়ার কোনো ঘটনা ঘটেনি।’উদ্ধার পাওয়া ১৮ বছরের তরুণ টাউস লস বলেন, ‘লোকজন চিৎকার করছিল, কেউ কেউ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েছে। এরপর সবাই দৌড়ে সেতু থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে যাওয়ার পর মনে হলো, লোকজন আমাকে মাড়িয়ে চলে যাচ্ছে। পরে দেখি আমি হাসপাতালে।’খন স্রোস নামের ১৯ বছরের এক তরুণী বলেন, ‘অনেকে সেতু থেকে নিচে লাফিয়ে পড়ে। কিন্তু আমি ভিড়ের মধ্যে আটকা পড়ে যাই। এরপর পুলিশ আমাকে টেনে বের করে। ওই সময় পাশেই এক নারীকে দম বন্ধ হয়ে মারা যেতে দেখেছি।’টাউস থিয়েরা নামে এক নারী বলেন, ‘আমি প্রায় তিন ঘণ্টা ভিড়ের মধ্যে আটকে ছিলাম। ওই সময় মনে হলো, আমি বুঝি মারা গেছি। পরে পুলিশ পানি ছিটাতে থাকে। আমি শুধু কোনো রকমে মুখটা হা করে পানি খেয়েছি।’ওই উৎসবে আলোকসজ্জার দায়িত্ব পাওয়া সিঙ্গাপুরের দুই ব্যবসায়ী জানান, দ্বীপে যাতায়াতের আরেকটি সেতু আছে। তবে কর্তৃপক্ষ সোমবার সেটি বন্ধ করে দিয়েছিল। এ জন্য হাজার হাজার মানুষ ওই সরু একটি সেতু দিয়ে দ্বীপে যাতায়াত করছিল।রাজধানীর পুলিশ-প্রধান টাউস ন্যারোথ গতকাল বলেন, ‘ঘটনার কারণ খুঁজে বের করার চেষ্টা করছে তদন্তকারীরা। তবে মনে হচ্ছে, সরু ওই সেতুর কারণেই এ ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনা থেকে আমাদের একটি শিক্ষা হলো।’এ ঘটনার পর ক্ষমা প্রার্থনা করে দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন। ঘটনা তদন্তের নির্দেশ দিয়ে তিনি বলেন, সত্তরের দশকে খেমাররুজ নেতা পলপটের শাসনামলের পর গত ৩১ বছরে দেশে সবচেয়ে দুঃখজনক ঘটনা এটি। ১৯৭৫ থেকে ’৭৯ সাল পর্যন্ত পলপটের অত্যাচার ও দুঃশাসনে প্রায় ২০ লাখ মানুষ মারা যায়। এএফপি, রয়টার্স, এপি।