কম্বোডিয়ায় পুলিশের গুলিতে ৩ পোশাকশ্রমিক নিহত

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়ায় পুলিশের ছোড়া গুলিতে আজ শুক্রবার তিনজন পোশাকশ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে। বিবিসির অনলাইনের খবরে এ কথা জানানো হয়।
খবরে বলা হয়, নিম্নতম মজুরি বাড়ানোর দাবিতে গত কয়েক দিন থেকেই আন্দোলন করে আসছিলেন দেশটির পোশাকশিল্পের শ্রমিকেরা। এরই অংশ হিসেবে আজ সকালে তাঁরা রাজধানী নমপেনের দক্ষিণে একটি সড়ক অবরোধ করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। একপর্যায়ে পুলিশ গুলি ছুড়লে হতাহতের এ ঘটনা ঘটে।
শ্রমিক নেতাদের দাবি, তাঁদের আন্দোলন পণ্ড করতে পুলিশ রাইফেলসহ অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করে। পুলিশের ভাষ্য, শ্রমিকদের সঙ্গে সংঘর্ষে নয়জন পুলিশ সদস্য আহত হওয়ার পরই তারা গুলি ছুড়েছে। এ সময় দুজন পোশাকশ্রমিককে আটক করা হয়।
কম্বোডিয়ার পোশাকশ্রমিকেরা তাঁদের নিম্নতম মজুরি বাড়িয়ে ১৬০ ডলার (১২ হাজার ৪২৬ টাকা) করার দাবি তুলেছেন। তবে সরকারের পক্ষ থেকে ১০০ ডলার (সাত হাজার ৭৪০ টাকা) পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে।
কম্বোডিয়ার পোশাকশিল্পে প্রায় পাঁচ লাখ শ্রমিক কাজ করেন। এই শিল্প থেকে যে আয় হয়, তা দেশটির জাতীয় আয়ের একটি প্রধান উত্স।