কয়লাখনিতে ধস, নিহত ২৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর আফগানিস্তানের সামানগান প্রদেশে একটি কয়লাখনিতে ধস নেমে অন্তত ২৭ জন নিহত হয়েছে। দেশটির সরকারি কর্মকর্তারা গতকাল রোববার এ কথা জানিয়েছেন।
প্রাদেশিক সরকারের মুখপাত্র সাদিক আজিজি জানান, সামানগান প্রদেশের ওই কয়লাখনিতে গত শনিবার সন্ধ্যার দিকে ধসের ঘটনা ঘটে। উদ্ধারকারীরা ২৭টি মৃতদেহ এবং ২২ জনকে আহত অবস্থায় উদ্ধার করেছেন। আটকা পড়া সব খনিশ্রমিককেই উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশের প্রধান আকরাম বেহজাদ।
আফগানিস্তানে প্রচুর পরিমাণে খনিজ সম্পদ রয়েছে বলে অনুমান করা হয়। তবে দশকের পর দশক ধরে দেশটিতে যুদ্ধবিগ্রহ ও অস্থিতিশীল অবস্থা বিরাজ করায় বিনিয়োগকারীরা সেখানে যেতে আগ্রহী নয়। দেশটির খনিগুলোর নিরাপত্তার মানও একেবারে শোচনীয়।
আফগান সরকারের প্রত্যাশা, তারা ২০১৪ সাল থেকে খনিশিল্প থেকে প্রতিবছর ৪০০ কোটি ডলারের মতো আয় করতে পারবে। গত বছর তারা এই খাত থেকে পেয়েছে মাত্র ১৫ কোটি ডলার। রয়টার্স।