কর ফাঁকি রোধে সম্মিলিত পদক্ষেপের ঘোষণা জি-২০-এর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশগুলোর জোট জি-২০-এর নেতারা কর ফাঁকি দেওয়া এবং অর্থ পাচারকারীদের বিরুদ্ধে গত শুক্রবার সম্মিলিত অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন।
‘পানামা পেপারস’ নামের সাম্প্রতিক কেলেঙ্কারির পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে জি-২০-এর সদস্যদেশগুলোর অর্থমন্ত্রী, শিল্পমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নররা বৈঠক করেন। এতে সিদ্ধান্ত হয়, কর রেয়াত সুবিধার আওতাধীন অঞ্চলে সক্রিয় বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের মালিকদের পরিচয় প্রকাশের প্রস্তাবে সমর্থন দেওয়া হবে। যেসব কর রেয়াত অঞ্চল নিজেদের তথ্য বিনিময়ের কর্মসূচিতে সহযোগিতা করবে না, তাদের কালো তালিকাভুক্ত করার প্রস্তাবেও সমর্থন দেন জি-২০-এর নেতারা।
নেতাদের এক যৌথ বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থার ঐক্য অটুট রাখার স্বার্থে বিভিন্ন কোম্পানি, ট্রাস্ট এবং ফাউন্ডেশনের মালিকদের ব্যাপারে স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। এতে করে এসব প্রতিষ্ঠানের অপব্যবহার এবং দুর্নীতি, কর ফাঁকি এবং সন্ত্রাসী কার্যক্রমে অর্থায়ন ও অর্থ পাচার রোধ করা সম্ভব হবে।
ব্রিটিশ অর্থমন্ত্রী জর্জ অসবর্ন এক বিবৃতিতে বলেন, ‘যাঁরা আর্থিক ব্যবস্থার ফাঁকফোকরের সুযোগ নিয়ে অবৈধভাবে নিজেদের কর ফাঁকি দেন, আজকের চুক্তির মধ্য দিয়ে তাঁদের বিরুদ্ধে আমরা আরেকটি শক্তিশালী পদক্ষেপ নিয়েছি।’