কর ফাঁকির তালিকায় নামী প্রতিষ্ঠানও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বনেতাদের পাশাপাশি এবার বিশ্বের নামকরা প্রতিষ্ঠানগুলোর কর এড়ানোর নথি ফাঁস হয়েছে। তোলপাড় তোলা প্যারাডাইস পেপারসে তথ্যপ্রযুক্তি, ওষুধ এবং তেল-গ্যাসসংক্রান্ত বিভিন্ন প্রতিষ্ঠানের লাখো কোটি ডলার অফশোর কোম্পানিতে (কর এড়ানোর জন্য তৈরি করা ভুয়া প্রতিষ্ঠান) জমা করার তথ্য পাওয়া গেছে।

যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ অর্থ এভাবে পাঠিয়েছে তথ্যপ্রযুক্তি পণ্যনির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল। তারা কর এড়িয়ে ইংলিশ চ্যানেলে অবস্থিত যুক্তরাজ্যের জার্সি আইল্যান্ডে ২৩ হাজার ৬০০ কোটি ডলার অর্থ জমা করেছে। এই অর্থের জন্য যুক্তরাষ্ট্র কিংবা অন্য কোনো দেশকে কর দিতে হয়নি। জার্সি আইল্যান্ডে বিদেশি প্রতিষ্ঠানগুলোকে কোনো কর দিতে হয় না। অ্যাপল সে সুযোগ নিয়েছে।

নিউইয়র্ক টাইমস–এর প্রতিবেদনে বলা হয়েছে, কেবল অ্যাপল নয়, ফাইজার ১৭ হাজার ৮০০ কোটি ডলার, মাইক্রোসফট ১৪ হাজার ৬০০ কোটি ডলার, জেনারেল ইলেকট্রনিক ৮ হাজার ২০০ কোটি ডলার, গুগল ৭ হাজার ৮০০ কোটি ডলার, সিটি গ্রুপ ৪ হাজার ৭০০ কোটি ডলার, ইন্টেল ৪ হাজার ৬০০ কোটি ডলার, শেভরন ৪ হাজার ৬০০ কোটি ডলার ও এইচপি ৪ হাজার ১০০ কোটি ডলার অর্থ অফশোর কোম্পানির মাধ্যমে সরিয়ে নিয়েছে কর ফাঁকি দিয়ে।

২০১৩ সালে কর ফাঁকি দিয়ে আয়ারল্যান্ডে অর্থ সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছিল অ্যাপলের বিরুদ্ধে। তখন মার্কিন সিনেটে এক শুনানিতে অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক বলেছিলেন, ‘আমরা সম্পূর্ণ কর পরিশোধ করি। একটি ডলারও বাকি রাখি না। ক্যারিবিয়ান কোনো দ্বীপে অর্থ জমা রাখি না।’

কিন্তু প্যারাডাইস পেপারসের ফাঁস হওয়া নথিতে দেখা যাচ্ছে, কর এড়িয়ে যুক্তরাষ্ট্রের বাইরে মুনাফার বিপুল অর্থ জমা করছে অ্যাপল। ২০১৩ সালের পরে আয়ারল্যান্ড থেকে মুনাফার অর্থ সরিয়ে যুক্তরাজ্যের জার্সি আইল্যান্ডে জমা করেছে অ্যাপল।

অভিযোগের পরিপ্রেক্ষিতে এক বিবৃতিতে অ্যাপল জানিয়েছে, নতুন কাঠামোতে তার করের হার কমেনি। প্রতিষ্ঠানটি দাবি করেছে, তারা এখনো বিশ্বের সবচেয়ে বড় করদাতা প্রতিষ্ঠান। গত তিন বছরে তারা ৩ হাজার ৫০০ ডলার কর দিয়েছে। আইন অনুযায়ী কর দেওয়া হয়েছে। কোনো দেশে কর দেওয়ার পরিমাণ কমেনি।

উত্তর আটলান্টিক মহাসাগরে যুক্তরাজ্যের নিয়ন্ত্রিত বারমুডা দ্বীপে অবস্থিত অ্যাপলবাই নামের এক আইনি সহযোগী সংগঠনের ১ কোটি ৩৪ লাখ গোপন নথি রোববার প্রকাশ করেছে নথি ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্টসের (আইসিআইজে)। এরপর তা বিশ্বব্যাপী সাড়া ফেলেছে।

ফেসবুক-টুইটারে ক্রেমলিনের বিনিয়োগ

নিউইয়র্ক টাইমস জানাচ্ছে, রুশ ধনকুবের ইউরি মিলনারের বিনিয়োগ রয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও টুইটারে। ২০১০ সালে যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো এক প্রযুক্তি সম্মেলনে মিলনারের কাছে জানতে চাওয়া হয়েছিল তাঁর বিনিয়োগের পেছনে কার অর্থ রয়েছে। জবাব এড়িয়ে গিয়েছিলেন তিনি। তবে প্যারাডাইস পেপারস ফাঁসের পর বিষয়টি স্পষ্ট হয়ে গেছে। তার বিনিয়োগের শত শত কোটি ডলার এসেছে ভ্লাদিমির পুতিনের সরকার থেকে।

গেল বছরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপের বিষয়টি নিয়ে এখনো তদন্ত হচ্ছে। টুইটার ও ফেসবুক জানিয়েছে, রাশিয়া থেকে নির্বাচনসংক্রান্ত অনেক বিজ্ঞাপন ও ভুয়া সংবাদ ছড়ানো হয়েছিল তাদের প্ল্যাটফর্ম ব্যবহার করে। এ বিষয়ে মার্কিন কংগ্রেসের তদন্ত চলমান।

নথি ঘেঁটে দেখা যায়, রাশিয়ার রাষ্ট্রায়ত্ত ব্যাংক ভিটিবি ব্যাংকের সহযোগিতায় ভুয়া (অফশোর শেল) কোম্পানি তৈরি করে টুইটারে বিনিয়োগ করা হয়েছে। ভিটিবি ব্যাংকে রাশিয়ার ফেডারেল এজেন্সি ফর স্টেট প্রোপার্টি ম্যানেজমেন্টের বিনিয়োগ বেশির ভাগ। কেবল টুইটার নয়, ফেসবুকেও রুশ প্রতিষ্ঠানের আর্থিক সংশ্লিষ্টতা রয়েছে।

একপর্যায়ে রুশ ধনকুবের মিলনারের প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে চলে যায় ফেসবুকের ৮ শতাংশ এবং টুইটারের ৫ শতাংশ মালিকানা। আর তাঁর অর্থের অন্যতম উৎস ছিল ক্রেমলিন নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানগুলো।

ফেসবুক ও টুইটার প্রতিষ্ঠান দুটি জানিয়েছে, মিলনারের বিনিয়োগ প্রস্তাব পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনার পরই তারা তাতে সাড়া দিয়েছে। আর আইসিআইজের এক প্রশ্নের জবাবে মিলনার জানিয়েছেন, তাঁর প্রতিষ্ঠান যেসব বিনিয়োগ করেছে (ফেসবুক ও টুইটারের সঙ্গে চুক্তিসহ), তার সবই ব্যবসায়িক গুরুত্বের ভিত্তিতে করা। এ ক্ষেত্রে রাজনৈতিক কোনো বিষয় প্রাধান্য পায়নি।

হিলারির বিরুদ্ধে প্রচারে কর ফাঁকির অর্থ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক প্রধান পরামর্শক স্টিভ ব্যানন ২০১৫ সালে ক্লিনটন ক্যাশ নামে বই লেখেন। এতে তিনি ক্লিনটন ফাউন্ডেশনের অনিয়ম ও দুর্নীতি নিয়ে তথ্য প্রকাশ করেন। তখন থেকেই ব্যাননের লক্ষ্য ছিল ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন সম্পর্কে নেতিবাচক প্রচারণা। এই বই প্রকাশে অর্থায়ন করেছে মার্কিন ব্যবসায়ী রবার্ট মিরচারের প্রতিষ্ঠান। তিনি ব্যাননের অন্যতম পৃষ্ঠপোষক ছিলেন। বারমুডায় আটটি অফশোর কোম্পানি আছে রবার্টের। তাঁর অর্থায়নেই হিলারির বিরুদ্ধে বই প্রকাশ পায়।

জেট বিমান কিনে কর ফাঁকি

গার্ডিয়ান–এর প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যের অধীন স্বায়ত্তশাসিত অঞ্চল আইল অব ম্যানের সরকার কর ফাঁকি দিতে সহায়ক একটি স্কিম (ব্যবস্থা) তৈরি করেছে। এই স্কিম কাজে লাগিয়ে ইউরোপের কয়েকজন ধনকুবের ও বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠান ১০০ কোটি ডলারের কর ফাঁকি দিয়েছে। ফাঁস হওয়া নথিতে দেখা যায়, ধনকুবেরদের ব্যক্তিগত ব্যবহারের জেট বিমান কেনায় এই কর ফাঁকি দেওয়া হয়েছে। কর ফাঁকি দেওয়ার এ প্রক্রিয়ায় আইনি প্রতিষ্ঠান অ্যাপলবাই ও অ্যাকাউন্টিং ফার্ম ইওয়াইয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছে আইল অব ম্যানের শুল্ক কর্তৃপক্ষ।

ইউরোপের বিভিন্ন দেশে ধনকুবেররা নিজেদের ব্যক্তিগত ব্যবহারের জন্য জেট বিমান কিনলেও তাঁরা আইল অব ম্যানের আইন ব্যবহার করে দেখিয়েছেন, এগুলো ইজারা নেওয়া হয়েছে। ইউরোপে ব্যক্তিগত কাজের জন্য জেট বিমান কিনলে বড় অঙ্কের মূল্য সংযোজন কর দিতে হয়। কিন্তু ব্যবসায়িক কাজে ব্যবহারের জন্য একই জেট বিমান ইজারা নেওয়া হয়েছে এমনটা দেখাতে পারলে কর অব্যাহতি পাওয়া যায়। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ একটি গোষ্ঠী এ পদ্ধতিতে ৩০ কোটি ডলার করের অর্থ ফেরত পেয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আছেন ক্রীড়া তারকাও

কর ফাঁকি দেওয়ার লোভ সামলাতে পারেননি বিশ্বের অন্যতম ধনী ক্রীড়াবিদ লুইস হ্যামিল্টনও। ফর্মুলা ওয়ানের বিশ্ব চ্যাম্পিয়ন ব্যক্তিগত বিলাসবহুল বিমানের কর ফাঁকি দিয়েছেন। হ্যামিল্টন আইল অব ম্যানকে ব্যবহার করেছেন কর ফাঁকি দেওয়ার কাজে। অ্যাকাউন্টেন্সি ফার্ম ইওয়াই ও অ্যাপলবাই কর ফাঁকি দিতে সাহায্য করেছে হ্যামিল্টনকে। আইনের মারপ্যাঁচে হ্যামিল্টনের কেনা বিমান হ্যামিল্টনকেই লিজ দিয়ে ফর্মুলা ওয়ান তারকাকে বড় অঙ্কের কর ফেরত পাওয়ার ব্যবস্থা করে দেয় কোম্পানিগুলো।

২০১৩ সালে নিজের ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড কোম্পানির নাম ব্যবহার করে ১ কোটি ৬০ লাখ পাউন্ডে ব্যক্তিগত বিমান কেনেন হ্যামিল্টন। পরে ওই কোম্পানি আইল অব ম্যানের আরেকটি প্রতিষ্ঠানের কাছে লিজ দেয় বিমানটিতে। ওই প্রতিষ্ঠানটি আবার তৃতীয় আরেকটি প্রতিষ্ঠানের কাছে দিয়ে দেয় বিমানটিকে। দ্বিতীয় এই চুক্তির কারণে ৩৩ লাখ পাউন্ড কর ফেরত পান হ্যামিল্টন। তৃতীয় সেই প্রতিষ্ঠানটিই আবার পরে বিমানটিকে লিজ দেয় হ্যামিল্টনের কাছে। হ্যামিল্টনের নিজের সরাসরি এই জালিয়াতিতে জড়িত থাকার প্রমাণ অবশ্য এখনো পাওয়া যায়নি।