করবিনে মুগ্ধ বার্নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাজ্যের লেবার নেতা জেরেমি করবিন ও যুক্তরাষ্ট্রের মানবতাবাদী রাজনীতিক বার্নি স্যান্ডার্স। ছবি: রয়টার্স
যুক্তরাজ্যের লেবার নেতা জেরেমি করবিন ও যুক্তরাষ্ট্রের মানবতাবাদী রাজনীতিক বার্নি স্যান্ডার্স। ছবি: রয়টার্স

যুক্তরাজ্যের নির্বাচনে লেবার নেতা জেরেমি করবিন গতানুগতিক রাজনীতির বিপরীতে দাঁড়িয়ে সাধারণ মানুষের পক্ষে যে লড়াই চালিয়ে যাচ্ছেন, তাতে মুগ্ধ হয়েছেন যুক্তরাষ্ট্রের মানবতাবাদী রাজনীতিক বার্নি স্যান্ডার্স। যুক্তরাজ্য সফররত বার্নি গতকাল শুক্রবার ব্রাইটনে দেওয়া এক বক্তব্যে এমন মুগ্ধতার কথা জানান। 


সমাজতান্ত্রিক রাজনীতির ধারক বার্নি স্যান্ডার্স যুক্তরাষ্ট্রের ভারমন্ট এলাকার সিনেট প্রতিনিধি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের মনোনয়ন দৌড়ে হিলারি ক্লিনটনের বিপরীতে প্রার্থী ছিলেন তিনি। করবিনের মতো তিনিও পুঁজিবাদ তোষণের বিপরীতে সাধারণ মানুষের অধিকারের কথা বলে সাড়া ফেলেন।

নিজের লেখা ‘আওয়ার রেভুলেশন: অ্যা ফিউচার টু বিলিভ ইন’ বইয়ের ওপর বক্তব্য দিতে যুক্তরাজ্য সফর করছেন বার্নি স্যান্ডার্স।

মানবতার পক্ষে জোরালো বক্তা হিসেবে খ্যাতি পাওয়া বার্নি স্যান্ডার্স বলেন, তাঁর নিজের সংগ্রামের সঙ্গে করবিনের লড়াইয়ের আশ্চর্য মিল রয়েছে। করবিন লেবার পার্টির মোড়লদের বিরুদ্ধে অবস্থান নিয়ে তৃণমূলের কণ্ঠস্বরকে জোরালো করে দলটিকে ঢেলে সাজাতে চাচ্ছেন। ঠিক একই কাজটি তিনি যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক দলে করতে চেয়েছেন। আর্থিক বৈষম্যের বিরুদ্ধে করবিন কথা বলছেন, শ্রেণি বৈষম্যের বিরুদ্ধে দাঁড়িয়েছেন। স্যান্ডার্স বলেন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ বিশ্বজুড়ে সম্পদ ও আয়ের বৈষম্যের কারণে অসংখ্য মানুষ তলানিতে পড়ে আছে। এসব নিয়ে কথা না বললে বিশ্বে কাঙ্ক্ষিত পরিবর্তন আনা সম্ভব নয়। করবিন যুক্তরাজ্যের তরুণদের মধ্যে যে জাগরণ তৈরি করেছেন তারও প্রশংসা করেন মার্কিন এই রাজনীতিক।

স্যান্ডার্সের নির্বাচনী প্রচারে যারা নেতৃত্ব দিয়েছিলেন, তাদের কেউ কেউ যুক্তরাজ্যে ছুটে এসেছেন করবিনের প্রচারকাজে হাত বাড়িয়ে দিতে। ২০১৫ সালে জেরেমি করবিনকে লেবার নেতা নির্বাচনে সমর্থন দিতে ‘মোমেনটাম’ নামে একটি দল গঠন করা হয়। সেই ‘মোমেনটাম’ এর সঙ্গে মিলে প্রচার কৌশল নির্ধারণ ও কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার কাজ করছে স্যান্ডার্সের লোকজন।

প্রসঙ্গত, বার্নি স্যান্ডার্সের ভাই ল্যারি স্যান্ডার্স যুক্তরাজ্যের নির্বাচনে গ্রিন পার্টির প্রার্থী। যুক্তরাজ্যের বাসিন্দা ল্যারি অক্সফোর্ড ইস্ট আসন থেকে নির্বাচন করছেন।