লেবার নেতা জেরেমি করবিনের দুর্বলতার সুযোগে ক্ষমতা আরও নিরঙ্কুশ করতে নির্বাচন ঘোষণা করেছিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে। অবস্থাটা এমন ছিল যেন করবিনকে হিসাবেই ধরছিলেন না তিনি। কিন্তু সেই হিসাবে না ধরা করবিনের চমক ঠেকাতেই এখন ব্যস্ত হয়ে পড়েছে থেরেসা মেসহ তাঁর পুরো কনজারভেটিভ দল।
গত বুধবার সর্বশেষ প্রকাশিত জরিপের ফল অনুযায়ী, গত তিন সপ্তাহে বিরোধী দল লেবার পার্টির সঙ্গে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির ব্যবধান ২৪ শতাংশ থেকে কমে মাত্র ৫ শতাংশে নেমে এসেছে। জরিপ বলছে, কনজারভেটিভ পার্টির সমর্থন ৪৩ শতাংশ। আর লেবার পার্টির সমর্থন ৩৮ শতাংশ।
আগামী ৮ জুন সাধারণ নির্বাচন। গত সাত বছর ক্ষমতার বাইরে লেবার পার্টি। দলটির নেতৃত্ব নেওয়া বামপন্থী নেতা জেরেমি করবিন গতানুগতিক রাজনীতির বিকল্প তুলে ধরে বেকায়দায় ফেলেছেন ক্ষমতাসীনদের।
ম্যানচেস্টারে বোমা হামলার ঘটনা আজীবন যুদ্ধবিরোধী করবিনের ভোটে নেতিবাচক প্রভাব ফেলবে বলে ধারণা ছিল। ওই হামলার কারণে তিন দিন বন্ধ ছিল নির্বাচনী প্রচার। কিন্তু শুক্রবার জাতীয় নিরাপত্তা প্রশ্নে নিজের অবস্থান তুলে ধরেই প্রচারে নামেন করবিন। বিদেশে যুদ্ধে জড়ানোর কারণে যুক্তরাজ্যে সন্ত্রাসী হামলার ঝুঁকি বেড়েছে জানিয়ে তিনি পররাষ্ট্রনীতি বদলের ঘোষণা দেন। এতে ক্ষমতাসীনেরা হামলে পড়ে করবিনের সমালোচনায়। প্রধানমন্ত্রী থেরেসা মে বলেন, ম্যানচেস্টারে হামলার দায় করবিন যুক্তরাজ্যের কর্মের ফল বলতে চাইছেন। পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন করবিনের বক্তব্যকে ‘পুরোটা বিস্ময়কর’ বলে পরিহাস করেন।
এদিকে গতকাল শনিবার এফএ কাপ ফুটবল ফাইনাল সামনে রেখে করবিন ঘোষণা দেন, ফুটবলপ্রেমীদের যাতায়াত টিকিটে বিশেষ সুবিধা দেবে তাঁর সরকার, যাতে হঠাৎ খেলার সূচি পরিবর্তন হলে দর্শকেরা আগের কেনা টিকিটেই চড়তে পারেন। এসব ঘোষণাকেও ‘অর্থহীন’ বলে সমালোচনায় ব্যস্ত ক্ষমতাসীনেরা।