করবিনের ছায়া মন্ত্রিসভা নিয়ে আবার বিতর্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেরেমি করবিন
জেরেমি করবিন

বিতর্ক আর সংকট যেন পিছু ছাড়ছেই না যুক্তরাজ্যের বিরোধী লেবার দলের নেতা জেরেমি করবিনের। এবার তাঁর ছায়া মন্ত্রিসভার নিয়োগ নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। করবিন গত দুই দিনে বেশ দ্রুততার সঙ্গে তাঁর ছায়া মন্ত্রিসভার রদবদল সম্পন্ন করেছেন। লেবার দলের সংসদীয় প্রধান জন খাইবার করবিনের এই নিয়োগে অসন্তুষ্ট। অসন্তোষ প্রকাশ করে এমপিদের কাছে চিঠিও লিখেছেন খাইবার।
দলীয় এমপিদের বড় একটি অংশের অনাস্থার কারণে সম্প্রতি নতুন করে নেতৃত্বের জন্য লড়তে হয়েছে করবিনকে। এবার ছায়া মন্ত্রিসভার রদবদল নিয়ে দলে মতানৈক্যের সৃষ্টি করলেন তিনি।
লেবার দলের সংসদীয় প্রধান জন খাইবার এমপিদের এক ইমেইল বার্তায় লিখেছেন, ভোটাভুটির মাধ্যমে ছায়া মন্ত্রিসভার অন্তত কিছু সদস্যকে নিয়োগের ব্যাপারে কথা হলেও শেষ পর্যন্ত করবিন তাঁর সঙ্গে কোনো প্রকার আলোচনা ছাড়াই রদবদল করেছেন। খাইবার বলেন, ভোটাভুটির মাধ্যমে হলে দলের বিদ্রোহী এমপিরা ছায়া মন্ত্রিসভায় ফিরে যেতে স্বাচ্ছন্দ্যবোধ করতেন। এতে দলীয় ঐক্যও দৃঢ় হতো।
পোড় খাওয়া করবিন এবার আর নমনীয়তা দেখাননি। ছায়া মন্ত্রিসভার শীর্ষ পদগুলোতে এবার তিনি একান্ত অনুগতদেরই দায়িত্ব দিয়েছেন। ছায়া চ্যান্সেলর পদে বহাল আছেন জন ম্যাকডোনাল। ছায়া পররাষ্ট্রমন্ত্রীর পদে রেখেছেন বিপদের বন্ধু এমিলি থর্নবেরিকে। কয়েক মাস আগে বিদ্রোহ করে করবিনের ছায়া মন্ত্রিসভায় যখন গণপদত্যাগের ঘটনা ঘটে, তখন এমিলি থর্নবেরি ছায়া পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নিয়ে পাশে দাঁড়ান। দুঃসময়ে পাশে থাকা আরেক সহযোগী ডায়ান অ্যাবোটকে ছায়া স্বাস্থ্যমন্ত্রী থেকে পদোন্নতি দিয়ে বানিয়েছেন ছায়া স্বরাষ্ট্রমন্ত্রী। সম্ভবত যুক্তরাজ্যের ইতিহাসে ডায়ান অ্যাবোটই প্রথম কোনো অশ্বেতাঙ্গ ব্যক্তি, যিনি এই পদে দায়িত্ব পালনের সুযোগ পাচ্ছেন। তবে অভিবাসনের পক্ষে সরব ডায়ান অ্যাবোটকে ছায়া স্বরাষ্ট্রমন্ত্রীর পদে বসানোর ঘটনা সরকারি দলের পাশাপাশি লেবার দলের মধ্যেও সমালোচনার জন্ম দিয়েছে। সমালোচকেরা বলছেন, এই নিয়োগ প্রমাণ করে করবিন অভিবাসন ইস্যুতে যুক্তরাজ্যের মানুষের মনোভাব বুঝতে কতটা অক্ষম। গণভোটে দেশবাসী যে ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে রায় দিয়েছেন, তার বড় একটা কারণই তো অভিবাসনের চাপ।
মানবাধিকারবিষয়ক দাতব্য সংগঠন লিবার্টির সাবেক পরিচালক স্বামী চক্রবর্তীকে ছায়া অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দিয়েছেন লেবারপ্রধান। গুরুত্বপূর্ণ পদগুলোতে তাঁর এসব নিয়োগকে দলে বামপন্থী এবং অনুগতদের অবস্থান শক্ত করার ইঙ্গিত হিসেবেই দেখা হচ্ছে। এবার দলের জাতীয় নির্বাহী কমিটিরও (এনইসি) নিয়ন্ত্রণ নিয়েছেন করবিন। কমিটিতে নিজের অনুগত কেট ওসামোরকে ছায়া মন্ত্রিসভার প্রতিনিধি বানিয়েছেন। এতে এনইসিতে করবিনের সমর্থন ভারী হলো।
জেরেমি করবিন শুধু যে নিজের সমর্থকদের নিয়োগ দিয়েছেন তা নয়। আগের ছায়া মন্ত্রিসভা থেকে পদত্যাগ করা কিংবা করবিনের অনুগত নন, এমন এমপিদেরও তিনি ঠাঁই দিয়েছেন। যেমন প্রভাবশালী রাজনীতিক নিক ব্রাউনকে ছায়া চিফ হুইপের দায়িত্ব দেওয়া হয়েছে। জোনাথন অ্যাশওয়ার্থকে করা হয়েছে ছায়া স্বাস্থ্যমন্ত্রী। দায়িত্ব পেয়েছেন বেশ কয়েকজন নতুন এমপিও।
করবিন সমর্থকেরা ছায়া মন্ত্রিসভার এই রদবদলকে দলীয় নেতার সাহসী পদক্ষেপ হিসেবে দেখছেন। আর বিদ্রোহী এমপিরা বলছেন, করবিনের এমন নিয়োগ দলীয় ঐক্যের বদলে বিভাজনই বাড়াবে।
২০১৫ সালের নির্বাচনে লেবার দলের ভরাডুবি হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে দলীয় সদস্যদের বিপুল ভোটে জিতে দলটির হাল ধরেন জেরেমি করবিন। কিন্তু দলের প্রভাবশালী এমপিদের অনাস্থার মুখে এক বছরের মাথায় তাঁকে আবার নেতৃত্বের লড়াইয়ের মুখোমুখি হতে হয়। গত মাসে অনুষ্ঠিত নতুন নির্বাচনে করবিন আরও বড় জয় নিয়ে নেতৃত্বে ফিরেছেন। তৃণমূল সদস্যদের ব্যাপক সমর্থন আর দলীয় এমপিদের একাংশের বিরোধিতার মধ্যে ভারসাম্য রেখে করবিন লেবার দলকে কীভাবে ঐক্যবদ্ধ করেন-সেটার ওপরই নির্ভর করছে দলটির ভবিষ্যৎ।