করবিনের মুখোমুখি হতে নারাজ থেরেসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
থেরেসা মে ও জেরেমি করবিন। ছবি: রয়টার্স
থেরেসা মে ও জেরেমি করবিন। ছবি: রয়টার্স

যুক্তরাজ্যে নির্বাচনকে সামনে রেখে টেলিভিশন চ্যানেলগুলোর আয়োজিত সরাসরি বিতর্কে অংশ নেবেন না ক্ষমতাসীন কনজারভেটিভ দলের নেতা প্রধানমন্ত্রী থেরেসা মে। তবে তিনি বিরোধী দল লেবার পার্টির নেতা জেরেমি করবিনের সঙ্গে মুখোমুখি বিতর্কের বদলে দর্শকদের প্রশ্নোত্তর পর্বে অংশ নিতে রাজি।

বিরোধী দলগুলো থেরেসা মের এমন অবস্থানের তীব্র সমালোচনা করে বলছে, তিনি নিজেকে শক্তিশালী নেতা হিসেবে জাহির করছেন। অথচ জনগণের সামনে সরাসরি বিতর্কে ভয় পাচ্ছেন।

আগামী বুধবার বিবিসিতে শীর্ষ দলগুলোর নেতাদের নিয়ে মুখোমুখি বিতর্কের আয়োজন করা হয়েছে। গতকাল রোববার কনজারভেটিভ দল জানিয়েছে, দলটির পক্ষে এ বিতর্কে অংশ নেবেন স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাম্বার রাড।

এর আগে গত ১৮ মে সম্প্রচারিত আইটিভি বিতর্কে থেরেসা মে অংশ না নিলে লেবার নেতা জেরেমি করবিনও তা প্রত্যাখ্যান করেন। ফলে বাকি পাঁচ দলের নেতাদের নিয়ে অনুষ্ঠিত হয় ওই বিতর্ক। থেরেসা মের বিবিসির বিতর্কে অংশ না নেওয়ার ঘোষণায় করবিন কী সিদ্ধান্ত নেন, তা এখনো জানা যায়নি।

অবশ্য করবিনের সঙ্গে মুখোমুখি না হয়ে আলাদাভাবে প্রশ্নোত্তরে রাজি হয়েছেন থেরেসা। সোমবার রাতে চ্যানেল ফোর-এ থেরেসা ও করবিন আলাদাভাবে সাক্ষাৎকার দেওয়ার কথা।

থেরেসা মে বলেন, সংসদে তিনি অহরহ করবিনের মুখোমুখি হয়েছেন। প্রতিদিন ভোটারদের সামনে হাজির হচ্ছেন, নানা প্রশ্নের জবাব দিচ্ছেন। তাই জবাবদিহি করার জন্য তাঁর টেলিভিশনে বিতর্ক করার দরকার নেই। তবে লেবার নেতা করবিন বলছেন, থেরেসা মে সাক্ষাৎকার ছাড়াই চাকরি নিতে চাইছেন। ভোটারদের সামনে কঠিন প্রশ্নের মুখোমুখি হতে ভয় পাচ্ছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী হবেন—এমন দুই নেতার মধ্যে মুখোমুখি বিতর্ক জরুরি। এমন বিতর্ক দেখা ভোটারদের অধিকার বলে তাঁর মন্তব্য।

লিবারেল ডেমোক্র্যাটস, স্কটিশ ন্যাশনালিস্ট পার্টি, গ্রিন পার্টি, প্লাইড কামরি ও ইউকে ইন্ডিপেনডেন্ট পার্টির নেতারা মুখোমুখি বিতর্কের পক্ষে যুক্তি তুলে ধরেছেন।

২০১০ সালে নির্বাচনে প্রথমবারের মতো নেতাদের মুখোমুখি টিভি বিতর্ক শুরু হয়। ওইবার প্রধান তিন দলের নেতার মধ্যে বিতর্ক সীমাবদ্ধ থাকে। ২০১৫ সালে বিতর্কের পরিসর বাড়ে, কিন্তু বেঁকে বসেন কনজারভেটিভ দলের তৎকালীন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। সমালোচনার চাপে শেষ পর্যন্ত তিনি আলাদা আলাদা প্রশ্নোত্তরে হাজির হন। এরপর ইইউ প্রশ্নে গণভোট ও স্কটল্যান্ডের প্রাদেশিক নির্বাচনকে সামনে রেখে যুক্তরাজ্যে জমজমাট টিভি বিতর্ক অনুষ্ঠিত হয়।

২০১৫ সালে ক্যামেরনের পুনঃ নির্বাচনী প্রচারের গুরু ছিলেন অস্ট্রেলিয়ান লিনটন ক্রসবি। আক্রমণাত্মক ও উসকানিমূলক প্রচার কৌশলের জন্য সমালোচিত ক্রসবি ক্যামেরনকে সে সময় সরাসরি বিতর্ক থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন। এবারও থেরেসা মে প্রচার কৌশলের দায়িত্বে আছেন এই ক্রসবি।

লন্ডনের মেয়র নির্বাচনে কনজারভেটিভ দলীয় প্রার্থী জ্যাক গোল্ডস্মিথের প্রচার কৌশল নির্ধারণের দায়িত্বে ছিলেন লিনটন ক্রসবি। ওই নির্বাচনে লেবার দলের প্রার্থী সাদিক খানের ধর্ম পরিচয় তুলে প্রচার চালিয়ে তীব্র সমালোচনার শিকার হয় কনজারভেটিভরা এবং নির্বাচনে চরমভাবে হারে।

আগামী ৮ জুনের সাধারণ নির্বাচনকে সামনে রেখে লেবার নেতা জেরেমি করবিনের বিরুদ্ধে একইরকম আক্রমণাত্মক প্রচার চালাচ্ছে ক্ষমতাসীনরা। তারা জেরেমি করবিনকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে প্রচার চালাচ্ছে।