করবিনের সঙ্গে মুখোমুখি বিতর্কে নারাজ থেরেসা মে

যুক্তরাজ্যে নির্বাচনকে সামনে রেখে টেলিভিশন চ্যানেলগুলোর আয়োজিত সরাসরি বিতর্কে অংশ নেবেন না ক্ষমতাসীন কনজারভেটিভ দলের নেতা প্রধানমন্ত্রী থেরেসা মে। তবে তিনি বিরোধী দল লেবার পার্টির নেতা জেরেমি করবিনের সঙ্গে মুখোমুখি বিতর্কের পরিবর্তে দর্শকদের প্রশ্নোত্তর পর্বে অংশ নিতে রাজি আছেন।
বিরোধী দলগুলো থেরেসা মের এমন অবস্থানের তীব্র সমালোচনা করে বলেছে, তিনি নিজেকে শক্তিশালী নেতা হিসেবে জাহির করছেন। অথচ জনগণের সামনে সরাসরি বিতর্কে ভয় পাচ্ছেন।
আগামীকাল বুধবার শীর্ষ দলগুলোর নেতাদের নিয়ে মুখোমুখি বিতর্কের আয়োজন করেছে বিবিসি। গত রোববার কনজারভেটিভ দল জানিয়েছে, দলটির পক্ষে এ বিতর্কে অংশ নেবেন স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাম্বার রাড। এর আগে ১৮ মে সম্প্রচারিত আইটিভি বিতর্কে থেরেসা মে অংশ না নিলে, লেবার নেতা জেরেমি করবিনও তা প্রত্যাখ্যান করেন। ফলে বাকি পাঁচ দলের নেতাদের নিয়ে অনুষ্ঠিত হয় ওই বিতর্ক। থেরেসা মের বিবিসির বিতর্কে অংশ না নেওয়ার ঘোষণায় করবিন কী সিদ্ধান্ত নেবেন, তা এখনো জানা যায়নি।
অবশ্য করবিনের সঙ্গে মুখোমুখি না হয়ে আলাদাভাবে প্রশ্নোত্তরে রাজি হয়েছেন থেরেসা। গতকাল সোমবার রাতে চ্যানেল ফোর-এ থেরেসা ও করবিন আলাদাভাবে সাক্ষাৎকার দেওয়ার কথা। আর ২ জুন বিবিবি’ ‘কোইশ্চান টাইমস’ অনুষ্ঠানে আগে-পরে করে দর্শকদের সামনে হাজির হবেন দুই নেতা।
থেরেসা মে বলেন, সংসদে তিনি অহরহ করবিনের মুখোমুখি হয়েছেন। প্রতিদিন ভোটারদের সামনে হাজির হচ্ছেন, নানা প্রশ্নের জবাব দিচ্ছেন। তাই জবাবদিহির জন্য তাঁর টেলিভিশনে বিতর্ক করার দরকার নেই। তবে লেবার নেতা করবিন বলছেন, থেরেসা মে সাক্ষাৎকার দেওয়া ছাড়াই চাকরি নিতে চাইছেন। ভোটারদের সামনে কঠিন প্রশ্নের মুখোমুখি হতে ভয় পাচ্ছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী হবেন—এমন দুই নেতার মধ্যে মুখোমুখি বিতর্ক জরুরি। এমন বিতর্ক দেখা ভোটারদের অধিকার বলেও তাঁর মন্তব্য।
লিবারেল ডেমোক্র্যাটস, স্কটিশ ন্যাশনালিস্ট পার্টি, গ্রিন পার্টি, প্লাইড কামরি ও ইউকে ইন্ডিপেনডেন্ট পার্টির নেতারা মুখোমুখি বিতর্কের পক্ষে যুক্তি তুলে ধরেছেন।
২০১০ সালে নির্বাচনে প্রথমবারের মতো নেতাদের মুখোমুখি টিভি বিতর্ক শুরু হয়। সেবার প্রধান তিন দলের নেতার মধ্যে বিতর্ক সীমাবদ্ধ থাকে। ২০১৫ সালে বিতর্কের পরিসর বাড়ে, কিন্তু বেঁকে বসেন কনজারভেটিভ দলের তৎকালীন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। সমালোচনার চাপে শেষ পর্যন্ত তিনি আলাদা প্রশ্নোত্তরে হাজির হন। এরপর ইইউ প্রশ্নে গণভোট ও স্কটল্যান্ডের প্রাদেশিক নির্বাচনকে সামনে রেখে যুক্তরাজ্যে জমজমাট টিভি বিতর্ক অনুষ্ঠিত হয়।