করাচি ও লাহোরে কারখানায় ভয়াবহ আগুন, নিহত ৩১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের করাচি শহরে একটি পোশাক কারখানা এবং লাহোর শহরে জুতা তৈরির একটি কারখানায় আগুন লেগে অন্তত ৩১০ জনের মৃত্যু হয়েছে। সরকারি কর্মকর্তারা জানান, করাচিতে গত মঙ্গলবার সন্ধ্যায় এবং লাহোরে একই দিন বিকেলে আগুন লাগে।করাচির প্রধান প্রশাসনিক কর্মকর্তা রোশান শাইখ গতকাল বুধবার বলেন, পুড়ে যাওয়া কারখানা থেকে এ পর্যন্ত ২৮৯টি লাশ উদ্ধার করা হয়েছে। এ সংখ্যা আরও বাড়তে পারে। অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি।বন্দরনগর করাচির অগ্নিকাণ্ডে বহু লোক আহত হয়েছে। আহতদের অনেকেই আগুন থেকে বাঁচতে চারতলা ভবনের জানালা দিয়ে লাফ দিয়েছিল। এ দুটি ঘটনায় পাকিস্তানে কর্মস্থলের নিরাপত্তাব্যবস্থা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। করাচিতে গত কয়েক দশকে এটিই ছিল সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড। লাহোর শহরে অগ্নিকাণ্ডে অন্তত ২১ জনের মৃত্যু হয়। গুরুতর আহত হয় ১৪ জন। শহরের শফিকাবাদ এলাকার একটি জুতা কারখানায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়।করাচি দমকলবাহিনীর প্রধান এহতেশাম সেলিম বলেন, কারখানা ভবনের প্রতিটি কোণে তল্লাশি চলছে। ভবনটির ভূগর্ভস্থ অংশের একটি বড় কক্ষে অনেকগুলো মৃতদেহ পাওয়া গেছে। এই ভবনে জরুরি নির্গমনের পথ নেই। এ ছাড়া দেয়ালের বিভিন্ন স্থানে ফাটল ধরায় উদ্ধারকাজ ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। ভবনটিতে বাতাস চলাচলের সুব্যবস্থা না থাকায় বিষাক্ত ধোঁয়ায় নিঃশ্বাস বন্ধ হয়ে অনেকের মৃত্যু হয়। মৃত্যুর পর তাদের শরীর আগুনে পুড়ে যায়। সম্পূর্ণ পুড়ে যাওয়া কারখানাটি বেশির ভাগ অংশে আগুন নেভানো সম্ভব হলেও কয়েকটি অংশ থেকে ধোঁয়া বেরোচ্ছিল। ওসব স্থানে প্লাস্টিক ও রাসায়নিক পদার্থ রয়েছে। শ্রমিকেরা জানান, কারখানাটিতে অন্তর্বাস ও প্লাস্টিকসামগ্রী তৈরি করা হতো। মালিকপক্ষ শ্রমিকদের নিরাপত্তার চেয়ে কারখানার নিরাপত্তার ব্যাপারে বেশি গুরুত্ব দিত।করাচি বেসামরিক হাসপাতালের চিকিৎসক আবদুস সালাম বলেন, মৃতদের মধ্যে ১০ জন নারীও রয়েছেন। জানালা দিয়ে লাফিয়ে পড়ে ৬৫ জনের হাড় ভেঙে গেছে।অগ্নিকাণ্ডের সময় দোতলা থেকে লাফিয়ে পা ভেঙে যাওয়া মোহাম্মদ সালিম বলেন, তাঁরা কাজে ব্যস্ত ছিলেন। হঠাৎ আগুন ও ধোঁয়ায় ভবনটি আচ্ছন্ন হয়ে যায়। আগুনের উত্তাপ এত বেশি ছিল যে তাঁরা সবাই জানালার দিকে ছুটে যান এবং ইস্পাতের বেষ্টনী ও কাচ ভেঙে লাফিয়ে পড়েন। তিনি নিচে পড়ে গিয়ে দেখেন আরও অনেকেই লাফ দিচ্ছিলেন এবং সাহায্যের জন্য চিৎকার করছিলেন।সিন্ধু প্রদেশের শিল্পমন্ত্রী রউফ সিদ্দিকি বলেন, কারখানার মালিককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁর বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ আনা হয়েছে।করাচির অদূরে দারিদ্র্যপীড়িত বালদিয়া এলাকায় ২০০৯ সালের জানুয়ারিতে এক অগ্নিকাণ্ডে ৪০ জনের মৃত্যু হয়েছিল। এএফপি, রয়টার্স ও ডন।