করাচি বিমানবন্দর জঙ্গিমুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের সংঘর্ষে অন্তত ২৩ জন নিহত হয়েছে। ছবি: এএফপি
জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের সংঘর্ষে অন্তত ২৩ জন নিহত হয়েছে। ছবি: এএফপি

পাকিস্তানের করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে যৌথ অভিযান চালিয়ে জঙ্গিমুক্ত করা হয়েছে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

দ্য ডন পত্রিকার অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, গতকাল রোববার দিবাগত রাত থেকে শুরু করে কয়েক ঘণ্টা ধরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের সংঘর্ষ হয়। এতে ১০ জন জঙ্গিসহ অন্তত ২৩ জন নিহত হয়েছে। সকাল নাগাদ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান এই হামলার দায় স্বীকার করেছে।

সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিম বাজওয়া জানান, হামলাকারী জঙ্গিদের হত্যা করা হয়েছে। তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের ভারী অস্ত্র, বোমা, গ্রেনেড উদ্ধার করা হয়েছে। বিমানবন্দরটি এখন পুরোপুরি নিরাপদ।

গতকাল দিবাগত রাতে বিমানবন্দরটিতে জঙ্গি হামলা হয়। হামলার পর বিমানবন্দর জঙ্গিমুক্ত করতে বিভিন্ন বাহিনীকে তলব করা হয়। প্রায় ছয় ঘণ্টা ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলে। এ সময় বিমানবন্দরের ভেতরে থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা যায়। দফায় দফায় বিকট বিস্ফোরণের শব্দ ভেসে আসে। হামলার পরিপ্রেক্ষিতে জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল করা হয়।

পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে আজ সোমবার সকালে বিমানবন্দরটি জঙ্গিমুক্ত বলে ঘোষণা দেওয়া হয়। পাকিস্তানের কর্মকর্তাদের দাবি, জঙ্গিরা বিমান ছিনতাইয়ের চেষ্টা করেছিল।