
পাকিস্তানের করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দর গত রোববার রাতে রক্তাক্ত হয়েছে জঙ্গি হামলায়৷ নিরাপত্তা বাহিনীর বেশে বিমানবন্দরে ঢুকে তাণ্ডব চালায় তারা৷
উড়োজাহাজগুলো ধ্বংস এবং যাত্রীসহ কর্মকর্তা-কর্মচারীদের জিম্মি করে ব্যাপক ধ্বংসযজ্ঞের প্রস্তুতি নিয়ে হামলা শুরু করে জঙ্গিরা৷ তবে কমান্ডোদের দ্রুত প্রতি-আক্রমণে তাদের সেই লক্ষ্য সফল হয়নি, বরং ১০ হামলাকারীর সবাই নিহত হয়৷ সব মিলিয়ে সংঘর্ষে দুই পক্ষে নিহত হয় ৩০ জন৷
পাকিস্তানের সবচেয়ে বড় শহর করাচির ব্যস্ততম জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনার শুরু রোববার রাত ১১টার দিকে৷ রাতভর সংঘর্ষের পর গতকাল সোমবার সকালে নিরাপত্তা বাহিনী বিমানবন্দরটি হামলাকারীমুক্ত ঘোষণা করে৷ তবে সকাল নয়টার দিকে বিমানবন্দরে আবার গোলাগুলির শব্দ শোনা যায়৷ সম্ভবত লুকিয়ে থাকা হামলাকারীরা দ্বিতীয় দফায় আবার সক্রিয় হয়৷ তখন নিরাপত্তা বাহিনী পাল্টা ব্যবস্থা নিলে দ্রুত পরিস্থিতি শান্ত হয়৷ অবশেষে গতকাল বিকেল চারটার দিকে ওই বিমানবন্দর আবার সচল হয়৷
এ হামলার দায় স্বীকার করে পাকিস্তানি তালেবান বলেছে, তাদের ওপর পাকিস্তানি ও মার্কিন বিমান হামলার প্রতিশোধ নিতেই তারা এ কাজ করেছে৷ একই সঙ্গে এর চেয়ে ভয়াবহ হামলার জন্য প্রস্তুত থাকতে সরকারের প্রতি হুঁশিয়ারি দিয়েছে ওই জঙ্গিরা৷ খবর এএফপি ও বিবিসির৷
প্রত্যক্ষদর্শী, নিরাপত্তারক্ষী ও কর্মকর্তারা জানান, রোববার স্থানীয় সময় রাত ১১টার দিকে ১০ জনের একটি দল নিরাপত্তা বাহিনী ব্যবহার করে এমন দুটি ছোট গাড়িতে করে বিমানবন্দরের পুরোনো টার্মিনালের সামনে নামে৷ বিমানবন্দরের নিরাপত্তারক্ষীরা যে পোশাক পরে, তাদের পরনেও ছিল সেই পোশাক৷ সঙ্গে ছিল পরিচয়পত্র৷ পুরোনো টার্মিনালটি কেবল কার্গো ও ভিআইপি ফ্লাইটের জন্য ব্যবহার করা হয়৷
পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা রাজা উমর খাত্তাব বলেন, হামলাকারীরা ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে পুরোনো টার্মিনালের ভেতরে ঢোকে৷ এরপর দুটি দলে ভাগ হয়ে যায়৷ একটি দল ফক্কর গেটের দিকে এগিয়ে যায়, অন্য দলটি যায় কার্গো টার্মিনালের দিকে৷
উমর খাত্তাব আরও বলেন, এরপর হামলাকারীদের উভয় দল গুলি ছোড়ে৷ একই সঙ্গে তারা যাত্রীবাহী বিমান লক্ষ্য করে রকেটও ছুড়তে শুরু করে৷ তবে তা কোনো বিমানে লাগেনি৷ তাদের পরিকল্পনায় বেশ ঘাটতি ছিল বলে মনে হয়েছে৷ তবে অপর একটি নিরাপত্তা সূত্র জানায়, হামলাকারী জঙ্গিরা বেশ উচ্চ প্রশিক্ষিত ছিল৷ ভারী অস্ত্রশস্ত্রের পাশাপাশি তারা শুকনো খাবার ও পানি সঙ্গে নিয়ে ঢুকেছিল৷ এ থেকে মনে করা হচ্ছে, দীর্ঘ অবরোধের পরিকল্পনা ছিল তাদের৷
হামলার পরপরই দেশটির সেনা-কমান্ডোরা বিমানবন্দরটি ঘিরে ফেলেন৷ একই সঙ্গে প্রতি-আক্রমণে যোগ দেন পুলিশ, আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের সদস্যরা৷ তখন শুরু হয় তুমুল গোলাগুলি৷ আগুন ধরে যায় বিমানবন্দরের অনেক অংশে৷ ধোঁয়ায় ঢেকে যায় বিমানবন্দরের আকাশ৷
বিমানবন্দরের লাগোয়া এলাকার একজন বাসিন্দা বলেন, ‘হঠাৎ করে মধ্যরাতে বিস্ফোরণের শব্দ শুনতে পাই৷ এরপর বাড়ির ছাদে উঠে দেখতে পেলাম, বিমানবন্দরের ভেতরে আগুন জ্বলছে৷’
পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের (পিআইএ) কর্মকর্তা সারমাদ হুসেইন বলেন, ‘আমি আমার দপ্তরে বসে কাজ করছিলাম৷ এ সময় কয়েকটি বিস্ফোরণ ঘটে৷ এরপর প্রচণ্ড গোলাগুলির শব্দ শোনা যায়৷’
প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলে দুই পক্ষের গোলাগুলি৷ ভোর পাঁচটার দিকে নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, বিমানবন্দর জঙ্গিমুক্ত করা সম্ভব হয়েছে৷ তখনো বিমানবন্দরের বিভিন্ন অংশে আগুন জ্বলতে দেখা যায় টেলিভিশনে প্রচার করা ভিডিওচিত্রে৷ ধোঁয়ায় আচ্ছন্ন পুরো এলাকা৷ বিমানবন্দরের প্রধান ফটকের সামনে সারি সারি অ্যাম্বুলেন্স৷ সরিয়ে নেওয়া হচ্ছিল হতাহত ব্যক্তিদের৷
সকাল সোয়া নয়টার দিকে বিমানবন্দরের ভেতর থেকে আবার গোলাগুলির শব্দ শোনা যায়৷ স্থানীয় গণমাধ্যম তখন জানায়, ঘটনাস্থলে আরও তিনজন হামলাকারী আছে বলে মনে হচ্ছে৷ এরপর সাড়ে নয়টার দিকে নিরাপত্তা বাহিনী আবার অভিযান শুরু করে৷
পরে আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের আঞ্চলিক প্রধান রিজওয়ান আক্তার টেলিভিশনে বলেন, ‘নিরাপত্তা বাহিনীর সদস্যদের গুলিতে নিহত হয়েছে সাত জঙ্গি৷ বািক তিনজন আত্মঘাতী বোমায় নিজেদের উড়িয়ে দিয়েছে৷’
রেঞ্জার্সের এক মুখপাত্র জানান, হামলাকারীদের সবার বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে৷ ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ গোলাবারুদ ও বেশ কয়েক ডজন রকেট লঞ্চার উদ্ধার করা হয়েছে৷
সরকারের পক্ষ থেকে বলা হয়, জঙ্গিদের হামলায় কোনো বিমান ক্ষতিগ্রস্ত হয়নি বা যাত্রীদের কেউ হতাহত হয়নি৷ যাত্রীদের

দ্রুত ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছিল৷ তবে নিরাপত্তা বাহিনীর একটি সূত্র জানায়, গুলিতে দুটি বিমান সামান্য ক্ষতিগ্রস্ত হয়৷
সেনাবাহিনীর কর্মকর্তারা বলেন, বন্দুকধারীদের মধ্যে কয়েকজন বিদেশি নাগরিক ছিলেন৷ মনে হচ্ছে, জঙ্গিরা মূল টার্মিনালের একটি যাত্রীবাহী উড়োজাহাজ ছিনতাই করতে চেয়েছিল৷ বাধা পেয়ে তারা ধ্বংসযজ্ঞে মেতে ওঠে৷
কর্মকর্তারা জানান, হামলায় বিমানবন্দরের ১৮ জন কর্মীর মৃত্যু হয়েছে৷ তাঁদের বেশির ভাগই বিমানবন্দর নিরাপত্তা বাহিনীর (এএসএফ) সদস্য৷ এ ছাড়া কয়েকজন বিমানকর্মীও রয়েছেন৷
দুপুরে সামরিক বাহিনীর মুখপাত্র রিজভি সাংবাদিকদের বলেন, ‘আমরা জঙ্গিদের দখলে থাকা সব এলাকার নিয়ন্ত্রণ নিয়েছি৷ দুপুর ১২টায় বেসামরিক বিমান কর্তৃপক্ষের কাছে বিমানবন্দরটির দায়িত্ব হস্তান্তর করা হয়েছে৷’ তবে সেনাবাহিনীর ওই ঘোষণার পরও বিমানবন্দরে গোলাগুলির শব্দ শোনা গেছে৷
লক্ষ্য ছিল সব বিমান ধ্বংস: হামলার পর নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো প্রাথমিক প্রতিবেদনে বলা হয়, সন্ত্রাসীরা বিমানবন্দরের সব উড়োজাহাজ ধ্বংস এবং সব ধরনের বিমান চলাচল অচল করে দিতে চেয়েছিল৷
প্রধানমন্ত্রীর উপদেষ্টা সুজাত আজিম জানান, করাচি বিমানবন্দর গতকাল বিকেল চারটায় ফের বিমান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে৷
প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মুখপাত্র মোহিউদ্দিন আহমেদ ওয়ানিও বলেন, হামলাকারীদের লক্ষ্য ছিল বিমানবন্দরের সব উড়োজাহাজ ধ্বংস করা৷ নিরাপত্তা বাহিনীর সদস্যরা এর আগেই তাদের প্রতিহত করতে এবং জাতীয় সম্পদ রক্ষা করতে সক্ষম হন৷
আর তথ্যমন্ত্রী পারভেজ রশিদ সাংবাদিকদের বলেন, ‘পুরো বিমানবন্দর জিম্মি করাই জঙ্গিদের লক্ষ্য ছিল বলে মনে করছেন কর্মকর্তারা৷’
তালেবানের দায় স্বীকার: হামলার দায় স্বীকার করে জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান বা টিটিপির মুখপাত্র শহিদুল্লাহ শহিদ এক বিবৃতিতে বলেন, মার্কিন ড্রোন হামলায় তাঁদের নেতা হাকিমুল্লাহ মেহসুদকে হত্যা এবং সীমান্ত এলাকায় সরকারি বাহিনীর বিমান হামলার প্রতিশোধ নিতে এই হামলা চালানো হয়েছে৷ গত নভেম্বরে মার্কিন ড্রোন হামলায় নিহত হন মেহসুদ৷
বিবৃতিতে শহিদ পাকিস্তান সরকারের নতুন আলোচনার প্রস্তাবও প্রত্যাখ্যান করেন৷ পাশাপাশি ভবিষ্যতে আরও হামলার হুমকি দিয়ে বলেন, ‘পাকিস্তান শান্তি আলোচনাকে লড়াইয়ের ঢাল হিসেবে ব্যবহার করছে৷ উপজাতি-অধ্যুষিত এলাকায় পাকিস্তানি বিমান হামলায় শত শত নিষ্পাপ নারী ও শিশু হত্যার প্রতিশোধ এখনো নিইনি৷ এটা কেবল শুরু৷’
এদিকে, জামায়াত-উদ-দাওয়ার প্রধান হাফিজ সাইদ টুইটারে এক বার্তায় দাবি করেন, করাচি বিমানবন্দরের এই হামলার পেছনে ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘নতুন নিরাপত্তা দল’৷
আরও সহিংসতা: করাচির ওই ঘটনা ছাড়াও গতকাল পাকিস্তানে আরও একটি বড় সহিংসতার ঘটনা ঘটে৷ দেশের দক্ষিণ-পশ্চিমের বেলুচিস্তান প্রদেশে ইরান সীমান্তবর্তী এলাকায় শিয়া মুসলিম সম্প্রদায়ের পুণ্যার্থীদের ওপর একটি আত্মঘাতী হামলায় নিহত হন অন্তত ২৪ জন৷ ওই হামলার দায় স্বীকার করে সুন্নি মুসলমানদের একটি সংগঠন৷
এ ছাড়া গতকালই আফগানিস্তান সীমান্তবর্তী এলাকায় সেনাবাহিনীর একটি তল্লাশি ফাঁড়িতে তালেবানের আত্মঘাতী বোমা হামলায় নিহত হন চার সেনা সদস্য৷
জাতিসংঘ মহাসচিবের বিবৃতি: হামলার নিন্দা জানিয়ে গতকাল একটি বিবৃতি দেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন৷ সন্ত্রাসবাদ ও ধর্মীয় কট্টর পন্থা দমনে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য তিনি পাকিস্তানের সরকারের প্রতি আহ্বান জানান৷