করাচি বিমানবন্দরে ফের গোলাগুলি

পাকিস্তানের করাচি নগরের জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে আজ সোমবার সকালে ফের গোলাগুলি শুরু হওয়ার খবর পাওয়া গেছে। এর পরিপ্রেক্ষিতে সেখানে নতুন করে অভিযানে নামে নিরাপত্তা বাহিনী। পাকিস্তানি তালেবান এ হামলার দায় স্বীকার করেছে।
গতকাল রোববার দিবাগত রাতে ওই বিমানবন্দরে জঙ্গিরা হামলা চালায়। কয়েক ঘণ্টা ধরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের সংঘর্ষ হয়। এতে ১০ জন জঙ্গিসহ অন্তত ২৪ জন নিহত হয়। সকাল নাগাদ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে দাবি করে দেশটির সেনাবাহিনী।
বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, আজ সকালে বিমানবন্দরের ভেতরে নতুন করে গোলাগুলি শুরু হয়। এ সময় বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। আজকের গোলাগুলিতে পুলিশের একজন সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
বিমানবন্দরের ভেতরে অন্তত তিনজন জঙ্গি আছে বলে পাকিস্তানের গণমাধ্যমে দাবি করা হয়েছে। পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) আজ এই হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, গত বছর মার্কিন বিমান হামলায় তাদের নেতা হাকিমুল্লাহ মেহসুদ নিহত হন। ওই ঘটনার প্রতিশোধ হিসেবে করাচি বিমানবন্দরে হামলা চালানো হয়েছে।

গতকাল দিবাগত রাতে বিমানবন্দরটিতে জঙ্গি হামলার পর বিভিন্ন বাহিনীকে তলব করা হয়। প্রায় ছয় ঘণ্টা ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলে। এ সময় বিমানবন্দরের ভেতর থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা যায়। দফায় দফায় বিকট বিস্ফোরণের শব্দ ভেসে আসে।
হামলার পরিপ্রেক্ষিতে জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল করা হয়। একই সঙ্গে পাকিস্তানের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।
পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে আজ সকালে বিমানবন্দরটি জঙ্গিমুক্ত বলে ঘোষণা দেওয়া হয়। সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিম বাজওয়া দাবি করেন, হামলাকারী জঙ্গিদের হত্যা করা হয়েছে। তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের ভারী অস্ত্র, বোমা, গ্রেনেড উদ্ধার করা হয়েছে। বিমানবন্দর পুরোপুরি নিরাপদ।
রাতের ঘটনা সম্পর্কে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ১০ জন বন্দুকধারী দুটি দলে ভাগ হয়ে বিমানবন্দরে হামলা চালায়। নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে তারা গ্রেনেড ও গুলি ছোড়ে।
হামলাকারীরা ভুয়া আইডি কার্ড ব্যবহার করে বিমানবন্দরে প্রবেশ করেছেন বলে ধারণা করছেন দেশটির কর্মকর্তারা। কর্মকর্তাদের দাবি, জঙ্গিরা বিমান ছিনতাইয়ের চেষ্টা করেছিল।
বিমানবন্দর জঙ্গিমুক্ত বলে ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টা পর সেখানে নতুন করে গোলাগুলি শুরু হলো।