পাকিস্তানের করাচি আন্তর্জাতিক বিমানবন্দরে রক্তক্ষয়ী হামলার ৪৮ ঘণ্টা পার না হতেই গতকাল মঙ্গলবার দুপুরে আবার এর কাছেই হামলা চালিয়েছে তালেবান জঙ্গিরা৷ তবে সে হামলায় কোনো ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি৷ গতকালই ভোরে খাইবার উপজাতীয় এলাকায় সরকারের চালানো বিমান হামলার প্রতিশোধ হিসেবে নতুন ওই হামলা চালানো হয় বলে জানিয়েছে তালেবান৷
গতকাল প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ শীর্ষস্থানীয় সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের নিয়ে এক জরুরি বৈঠক করেছেন৷ এতে তিনি ঘোষণা করেন, সন্ত্রাসবাদী তৎপরতা বরদাশত করা হবে না৷ এদিকে নতুন নয়টি লাশ পাওয়া যাওয়ায় রোববারের হামলায় নিহত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে অন্তত ৩৮ জনে৷ খবর ডন, রয়টার্স, বিবিসি ও এপির৷
গতকাল স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় মোটরসাইকেলে একদল বন্দুকধারী করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দর এলাকার এয়ারপোর্ট সিকিউরিটি ফোর্সের (এএসএফ) প্রশিক্ষণকেন্দ্রের ওপর গুলিবর্ষণ করে৷ সেনা ও পুলিশ
সদস্যরা দ্রুত হামলার জবাব দেন৷ সে এলাকায় ঘণ্টাব্যাপী গুলিবর্ষণের শব্দ শোনা যায়৷ তবে হামলাকারীরা নির্বিঘ্নে পালিয়ে যায়৷ এএসএফের প্রশিক্ষণকেন্দ্রটি বিমানবন্দরের মূল এলাকা থেকে মাত্র ৫০০ মিটার দূরে অবস্থিত৷
গতকালের এ হামলার বিষয়ে পাকিস্তানি তালেবানের (তেহরিক-ই-তালেবান) মুখপাত্র শহিদুল্লাহ শহীদ গণমাধ্যমকে বলেন, ‘সরকারের বিরুদ্ধে আরেকটি সফল হামলার দায়দায়িত্ব আমরা স্বীকার করছি৷ আমরা সফলতার সঙ্গে লক্ষ্য পূরণ করে যাচ্ছি এবং এ ধরনের আরও অনেক হামলা চালানো হবে৷’ মুখপাত্র বলেন, করাচিতে এএসএফের ওপর এ আক্রমণ তিরাহ উপত্যকা (খাইবার অঞ্চলের) ও অন্য উপজাতীয় এলাকাগুলোয় নিরীহ মানুষের ওপর বিমান হামলার জবাব৷
রোববার রাতের প্রথম হামলার বিষয়েও তালেবান বলেছিল, সরকারি বাহিনীর কথিত জঙ্গিবিরোধী হামলায় নিরীহ নারী-পুরুষ-শিশুর মৃত্যুর প্রতিশোধ নিতে ওই হামলা চালানো হয়৷
গতকালের হামলার সময় বিমানবন্দরের কাছাকাছি থাকা রয়টার্সের একজন সংবাদদাতা জানান, গুলিবর্ষণের শব্দ শোনার পর ঘটনাস্থলের দিকে অন্তত চারটি অ্যাম্বুলেন্স ছুটতে দেখেছেন তিনি৷ সেনাবাহিনীর গণমাধ্যম শাখা বলেছে, কয়েকটি মোটরসাইকেলে করে আসা হামলাকারীরা সংখ্যায় ছিল তিন থেকে চারজন৷ করাচির একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা বলেন, বিমানবন্দরের কাছাকাছি কিছু কুঁড়েঘরের বসতি থেকে এ হামলা চালানো হয়৷ স্থানটিতে তল্লাশি অভিযান চলছে৷
দুপুরের হামলার সময় করাচি বিমানবন্দরে সব ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়৷ তবে বেলা সাড়ে তিনটার দিকে বিমান চলাচল স্বাভাবিক হয়৷
গতকাল সকালেই আফগান সীমান্তবর্তী খাইবার উপজাতীয় অঞ্চলের তিরাহ উপত্যকায় তালেবানের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালায় সেনাবাহিনী৷ এতে অন্তত ২৫ জন সন্দেহভাজন জঙ্গির মৃত্যু হয়েছে বলে সেনাবাহিনী জানিয়েছে৷
প্রথম দফায় গত রোববার রাতে বিমানবন্দরের ভেতর বড় রকমের হামলার পর গত সোমবার সকালেও ছোট অাকারে আরেক দফা হামলা চালিয়েছিল তালেবান৷
প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক: প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ গতকাল বিকেলে রাজধানী ইসলামাবাদে তাঁর বাসভবনে জাতীয় নিরাপত্তাসংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সঙ্গে জরুরি বৈঠক করেন৷ বৈঠকে ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা যোগ দেন৷ এতে প্রধানমন্ত্রীকে দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে অবহিত করা হয়৷ বৈঠকে উপস্থিত ব্যক্তিদের মধ্যে ছিলেন সেনাপ্রধান জেনারেল রাহিল শরিফ ও স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খান৷ তবে লক্ষণীয়ভাবে এতে প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ও আইএসআইয়ের প্রধান জহির উল ইসলাম যোগ দেননি৷ বৈঠকে সর্বশেষ করাচির ঘটনাসহ নিরাপত্তা বাহিনী ও বিভিন্ন জাতীয় স্থাপনার ওপর সাম্প্রতিক জঙ্গি হামলার বিষয় আলোচিত হয়৷
অারও নয়টি লাশ উদ্ধার: বিমানবন্দরের কার্গো এলাকা থেকে গতকাল উদ্ধারকর্মীরা আরও নয়টি লাশ উদ্ধার করেছেন৷ নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি কর্মকর্তা বলেন, মৃতদেহগুলো এমনভাবে পুড়ে গেছে যে সেগুলো শনাক্ত করা অসম্ভব৷ বিমানবন্দরের কর্মকর্তারা জানান, তাঁদের ধারণা রোববার জঙ্গি হামলা ও বন্দুকযুদ্ধ থেকে বাঁচতে এই ব্যক্তিরা যেখানে আশ্রয় নেন, লড়াইয়ের সময় তাতে আগুন লাগে৷ এতে তাঁরা আটকা পড়েন৷ এর মধ্যে কোল্ডস্টোরেজ স্থাপনায় পাওয়া যায় সাতটি লাশ৷
সতর্কবাণী উপেক্ষা?: স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খান গতকাল পার্লামেন্টে বলেন, গত নভেম্বর থেকে তাঁর মন্ত্রণালয় সিন্ধুর প্রাদেশিক সরকারকে ছয়টি সতর্কতা সংকেত দিয়েছে৷ এর মধ্যে দুটি ছিল প্রদেশটির রাজধানী করাচি নিয়ে৷ হামলাকারীরা রকেট লঞ্চারসহ ভারী অস্ত্রশস্ত্র নিয়ে বিমানবন্দর এলাকায় প্রবেশ করতে সক্ষম হওয়ায় বিস্ময় প্রকাশ করেন মন্ত্রী৷ তিনি বলেন, যে ফটক দিয়ে হামলা চালানো হয়, সে স্থানটি নিরাপত্তা-ঝুঁকিতে আছে বলে গত মার্চেই সতর্ক করে দেওয়া হয়েছিল৷
পণ্ড হওয়ার পথে শান্তি আলোচনা: পরপর এসব হামলার ঘটনায় নওয়াজ শিরফের সরকার ও তালেবানের মধ্যে নড়বড়ে শান্তি আলোচনার ভবিষ্যৎ ভেস্তে গেল বলেই ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে৷ সেই সঙ্গে মনে করা হচ্ছে, পাকিস্তানের ভেতর জঙ্গি ঘাঁটিগুলো নির্মূলে সেনাবাহিনী আবার অাটঘাট বেঁধে মাঠে নামতে চলেছে৷
রোববার রাত ১১টার দিকে নিরাপত্তা বাহিনীর পোশাকে ১০ জন জঙ্গি রকেট লঞ্চার ও অন্যান্য ভারী অস্ত্র নিয়ে করাচি বিমানবন্দরে ঢুকে পড়ে এবং বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা শুরু করে৷ পাঁচ ঘণ্টা ধরে সেনাবাহিনীর সঙ্গে তাদের লড়াই চলে৷ হামলা ও সংঘর্ষে কয়েকজন জঙ্গিসহ নিহত হন অন্তত ৩০ জন৷ রাতভর সংঘর্ষের পর সোমবার সকাল নয়টার দিকে বিমানবন্দর জঙ্গিমুক্ত বলে ঘোষণা করার কিছুক্ষণ পর জঙ্গিরা ছোট আকারে দ্বিতীয় দফা হামলা চালায়৷