করাচিতে কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় হত্যা মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের করাচিতে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় কারখানার মালিক ও সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সরকারি কর্মকর্তারা এ কথা জানান। আলী এন্টারপ্রাইজ নামক ওই তৈরি পোশাক কারখানায় গত মঙ্গলবার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ২৮৯ শ্রমিকের মৃত্যু হয়।নিহত শ্রমিকদের মধ্যে মাত্র ১৪০ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। এদের মধ্যে কিছু শ্রমিকের পরিচয় ডিএনএর মাধ্যমে নিশ্চিত করা হয়েছে। ১১৫ জনের মৃতদেহ পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে। তাদের দাফন সম্পন্ন হয়েছে।সরকারের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, সরকার ইতিমধ্যে ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে। এ ছাড়া ওই কারখানার মালিক দুই ভাইয়ের দেশ ত্যাগের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। স্থানীয় থানার প্রধান মোহাম্মদ নওয়াজ গন্ডাল জানান, শ্রমিকদের যথাযথ নিরাপত্তা দিতে চরম উদাসীনতার অভিযোগ এনে কারখানার মালিক, আলী এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পর্ষদের অন্যান্য সদস্য ও বেশ কয়েকজন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে ওই মামলা করা হয়।পুলিশ কারখানার মালিকদের খুঁজছে। তাঁরা ঘটনার পর থেকে পলাতক। অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে প্রধান করে একটি কমিটি গঠন করেছে সিন্ধু প্রদেশের সরকার। করাচিতে গতকাল গণপরিবহন চলাচল বন্ধ রাখা হয় ও বিদ্যালয়েও ক্লাস হয়নি। বিভিন্ন কারখানা ও বাজার বন্ধ ছিল। এএফপি, বিবিসি।