করাচিতে তিন পোলিও কর্মীকে গুলি করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের করাচিতে গত সোমবার তিনজন পোলিও কর্মীকে গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা। কর্তৃপক্ষ নতুন একটি টীকাদান কর্মসূচি শুরু করার এক দিনের মাথায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটল।
কর্মকর্তারা জানান, করাচির কাইয়ুমবাদ এলাকার দুটি স্থানে ওই হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা মোটরসাইকেলে চড়ে ঘটনাস্থলে গিয়ে পোলিও কর্মীদের লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়।
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বিশ্বের পোলিও ভাইরাসের ‘সবচেয়ে বড় আধার’ হিসেবে ইতিমধ্যে সতর্ক করে দিয়েছে। পোলিও ভাইরাসের ব্যাপক উপস্থিতি রয়েছে, এমন তিনটি দেশের একটি পাকিস্তান। অন্য দুটি দেশ হচ্ছে আফগানিস্তান ও নাইজেরিয়া।
পাকিস্তানে পোলিও নির্মূলে দীর্ঘদিন ধরে প্রচেষ্টা চালালেও এ ধরনের সন্ত্রাসী হামলার কারণে তা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সোমবার হামলার পর শহরের কিছু এলাকায় টীকাদান কর্মসূচি স্থগিত করা হয়।
পুলিশের একজন মুখপাত্র বলেন, হামলাকারীরা হেলমেট পরে মোটরসাইকেলের ওপর বসে পোলিও কর্মী দলের অপেক্ষায় ছিল।
কেউই এই হামলার দায়দায়িত্ব স্বীকার করেনি। তবে পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলো পোলিও কর্মসূচিকে সন্দেহের চোখে দেখে। এএফপি ও বিবিসি।