করাচিতে পাকিস্তানি আইনপ্রণেতা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানি আইনপ্রণেতা মানজার ইমাম (৪২) ও তাঁর তিন রক্ষী গতকাল বৃহস্পতিবার নিহত হয়েছেন। করাচি শহরের ওরাঙ্গি এলাকায় তাঁদের গুলি করে হত্যা করা হয়। মানজার ইমামের দল মুত্তাহিদা কওমি মুভমেন্ট (এমকিউএম) বর্তমানে সিন্ধু প্রদেশের ক্ষমতায় রয়েছে—এ ছাড়া দলটি পাকিস্তানের কেন্দ্রে ক্ষমতাসীন সরকারি জোটের শরিক। পুলিশের মুখপাত্র ইমরান শওকত বলেন, বন্দুকধারীরা দুটি মোটরসাইকেলযোগে মানজার ইমামকে বহনকারী গাড়ি ধাওয়া করে এবং গুলি চালায়। করাচি শহরে গত বছর ব্যাপক সহিংস ঘটনা ঘটে। গত দুই দশকের মধ্যে ভয়াবহতম ওই বছর জাতিগত ও রাজনৈতিক সহিংসতায় প্রায় দুই হাজার মানুষ প্রাণ হারায়। এমকিউএমের আইনপ্রণেতা রাজা হায়দার ২০১০ সালের আগস্টে সন্ত্রাসী হামলায় নিহত হয়েছিলেন। ওই ঘটনার পর রাজনৈতিক সহিংসতায় বেশ কয়েকজন নিহত হয়। মে মাসের প্রথম সপ্তাহে সাধারণ নির্বাচন: পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের ধর্মবিষয়ক মন্ত্রী ও ক্ষমতাসীন দলের চিফ হুইপ সৈয়দ খুরশিদ শাহ জানিয়েছেন, চলতি বছরের মে মাসের প্রথম সপ্তাহে সে দেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।গত বুধবার সৈয়দ খুরশিদ শাহ এক টিভি টক শোতে এ কথা বলেন। পাকিস্তানের দ্য ডন পত্রিকার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।জাতীয় পরিষদে ক্ষমতাসীন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চিফ হুইপ সৈয়দ খুরশিদ শাহ বলেন, ‘মে মাসের ৪, ৫ বা ৬ তারিখের মধ্যে সাধারণ নির্বাচন হতে পারে। আমি নিশ্চিত করে বলতে পারি, এ তারিখ পেছাবে না।’বিরোধীরা শিগগিরই সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানানোর পরই সৈয়দ খুরশিদ শাহ সাধারণ নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে সম্ভাব্য তারিখের কথা উল্লেখ করলেন। এএফপি ও ডন।