পাকিস্তানের করাচির মালির হল্ট এলাকায় গতকাল বৃহস্পতিবার পুলিশের গাড়িতে বোমা হামলা চালানো হয়েছে। বোমাটির বিস্ফোরণে তিনজন নিহত ও ১৩ জন আহত হয়েছে। হতাহতদের প্রায় সবাই পুলিশ সদস্য। তবে পুলিশের সার্জন হামিদ পারইয়ার জানান, হামলায় চারজন নিহত হয়েছে।মালির হল্ট পুলিশপ্রধান রাও আনোয়ার জানান, গাড়িতে তাঁর আসন লক্ষ্য করে ওই বোমা হামলা করা হয়। তবে তিনি অক্ষত আছেন। হামলায় তাঁর কয়েকজন সঙ্গী আহত হন। আনোয়ার আরও জানান, এক মাস ধরে অজ্ঞাত সন্ত্রাসীরা তাঁকে হামলার হুমকি দিচ্ছিল। তিনি দাবি করেন, এটি আত্মঘাতী বোমা হামলা ছিল। হামলাকারী বোমা বিস্ফোরণে নিহত হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। আহত ব্যক্তিদের জিন্নাহ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। জানা গেছে, হামলাকারী মোটরসাইকেলে করে পুলিশের গাড়ির কাছে গিয়ে বিস্ফোরণ ঘটায়। পুলিশ ও উদ্ধারকর্মীরা হামলাস্থল ঘিরে রেখেছে। কেউ ওই হামলার দায় স্বীকার করেনি।পাকিস্তানে প্রায়ই নিরাপত্তা বাহিনীর ওপর জঙ্গি হামলা হচ্ছে। সীমান্ত এলাকায় জঙ্গিবিরোধী অভিযানের কারণেই সহিংস ঘটনা ঘটছেবলেধারণা হচ্ছে। এএফপি।