করাচিতে বাড়ছে জঙ্গি তৎপরতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের বন্দর নগর করাচিতে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ভবনে হামলার জন্য তালেবান ও আল-কায়েদা জঙ্গিদের দায়ী করেছেন গোয়েন্দারা। করাচিতে জঙ্গি তৎপরতা বাড়ছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা।দেশের অন্যান্য এলাকার তুলনায় করাচিতে জঙ্গিদের সহিংসতা কিছুটা কম ছিল। কিন্তু গত বৃহস্পতিবার রাতে এ যাবৎকালের সবচেয়ে ভয়াবহ হামলা হয় সেখানে। হামলাটিও হয়েছে শহরের গুরুত্বপূর্ণ ভবনে। এর কাছেই রয়েছে সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রীর বাসভবন। অদূরে শেরাটন হোটেলসহ একাধিক পাঁচতারকা হোটেল। আছে মার্কিন কনস্যুলেট।বৃহস্পতিবার সন্ধ্যা আটটার দিকে কয়েকজন অস্ত্রধারী গুলি করতে করতে সিআইডি ভবনে ঢুকে পড়ার চেষ্টা করে। সেখানকার নিরাপত্তারক্ষীরাও পাল্টা গুলি ছোড়ে। শুরু হয় গুলিবিনিময়। এর কিছুক্ষণের মধ্যে বিস্ফোরকবোঝাই একটি ট্রাক সিআইডি ভবনের দেয়াল ভেদ করে ঢুকে পড়ে ভেতরে। এরপরই প্রচণ্ড শব্দে বিস্ফোরণে বিধ্বস্ত হয় প্রায় পুরো ভবন। এতে কমপক্ষে ২০ জন নিহত হয়। আহত হয় আরও শতাধিক।এর মধ্যে হামলার দায় স্বীকার করেছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)। সংগঠনের মুখপাত্র আজম তারিক অজ্ঞাত স্থান থেকে টেলিফোনে বার্তা সংস্থা এএফপিকে জানান, তাঁর সহযোগীদের গ্রেপ্তার ও নির্যাতনের বদলা নিতে এ হামলা চালানো হয়েছে। গতকাল পুলিশ জানায়, সম্প্রতি টিটিপি সদস্যদেরও গ্রেপ্তার করা হয়েছে।নাম প্রকাশ না করার শর্তে নিরাপত্তা বাহিনীর একজন সদস্য বলেন, ‘হামলার স্থল ও আশপাশের এলাকা থেকে কমপক্ষে ১০ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের ধারণা, তাঁরা টিটিপিসহ অন্যান্য জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত। ওই কর্মকর্তা বলেন, ‘গত কয়েক মাসে করাচি থেকে আমরা অনেক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছি। এ থেকে এটাই প্রমাণিত হয় যে জঙ্গিরা করাচিতে শক্তিশালী অবস্থান গড়ে তুলছে।’বৃহস্পতিবারের ওই হামলার পর গতকাল পুরো শহর ছিল প্রায় নিস্তব্ধ। অফিস-আদালতে উপস্থিতি ছিল খুব কম। অনেক স্কুল-কলেজ বন্ধ ছিল। রাস্তাঘাটে যানবাহনও ছিল অন্যদিনের তুলনায় অনেক কম।হামলায় নিহত পুলিশ সদস্যদের জানাজা গতকাল জুমার নামাজের পর অনুষ্ঠিত হয়। এ ছাড়া আধাসামরিক বাহিনীর সদস্যদের লাশ নিজ নিজ শহরে এবং গ্রামে পাঠিয়ে দেওয়া হয়।