করাচিতে বিচারপতির গাড়িবহরে হামলা নিহত ৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানে গতকাল বুধবার একজন বিচারপতির গাড়িবহর লক্ষ্য করে বোমা হামলায় অন্তত নয়জন নিহত হয়েছে। হামলায় ওই বিচারপতি গুরুতর আহত হয়েছেন।বন্দরনগর করাচিতে বার্নস রোডের কাছে সিন্ধু হাইকোর্টের বিচারপতি মকবুল বাকিরের গাড়িবহর লক্ষ্য করে বোমা হামলা চালায় পাকিস্তানি তালেবান। গুরুতর আহত বাকিরকে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে অন্য একটি হাসপাতালে তাঁকে স্থানান্তর করা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর অবস্থা স্থিতিশীল। হামলায় বিচারপতির গাড়িচালক ও পুলিশের দুই সদস্য নিহত হয়েছেন।তাৎক্ষণিকভাবে প্রাদেশিক তথ্যমন্ত্রী শারজিল মেমন সাতজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছিলেন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পুলিশের আরও দুই সদস্যের মৃত্যু হয়। তেহরিক-ই-তালেবান পাকিস্তানের মুখপাত্র এহসানউল্লাহ এহসান জানান, ‘তালেবানবিরোধী ও মুজাহিদীনবিরোধী সিদ্ধান্তের’ জন্য ওই বিচারপতিকে হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে। ভবিষ্যতেও বিচারপতিদের লক্ষ্য করে আরও হামলা চালানো হবে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন। ডন।