করাচিতে বোমা বিস্ফোরণে নিহত ১১
পাকিস্তানের করাচি শহরে আজ বুধবার ফুটবল স্টেডিয়ামের বাইরে এক বোমা বিস্ফোরণের ঘটনায় শিশুসহ ১১ জন নিহত হয়েছে। এতে ২৪ জন আহত হয়। বিবিসি ও ডন অনলাইনের খবরে এ কথা জানানো হয়।
খবরে বলা হয়, করাচির লেয়ারি এলাকার একটি স্টেডিয়ামে গতকাল রাতভর স্থানীয় দুটি দলের মধ্যে ফুটবল খেলা চলছিল। আজ খুব সকালে খেলা শেষ হওয়ার পর স্টেডিয়ামের বাইরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। একটি মোটরসাইকেলে বোমাটি রাখা ছিল।
এ ঘটনায় হতাহত ব্যক্তিদের শহরের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।
হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি। তবে খেলার সময় মাঠে উপস্থিত প্রাদেশিক মন্ত্রী জাভেদ নাগরীকে লক্ষ্য করে এ বোমা হামলা চালানো হতে পারে বলে সন্দেহ করছে পুলিশ।
পুলিশের একজন মুখপাত্র জানান, মন্ত্রীর ব্যক্তিগত গাড়ির পাশে ওই মোটরসাইকেলটি রাখা ছিল। দূরনিয়ন্ত্রণ যন্ত্রের মাধ্যমে বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে।
দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও সিন্ধু প্রদেশের গভর্নর ইশরাতুল ইবাদ খান এই বোমা হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন।