করাচিতে ভোট চলাকালে বোমায় নিহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানে আজ শনিবার স্থানীয় সময় সকাল আটটায় সাধারণ নির্বাচনে ভোট নেওয়া শুরু হয়েছে। বিকেল পাঁচটা পর্যন্ত তা একটানা চলবে। খবর রয়টার্সের।

এদিকে করাচি শহরের কায়েদাবাদ এলাকার একটি ভোট কেন্দ্রের কাছে আজ সকালে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১০ জন নিহত ও ৫০ জন আহত হয়েছেন।

আজ জাতীয় পরিষদের ৩৪২ আসনের মধ্যে ২৭২টিতে সরাসরি নির্বাচন হচ্ছে। অন্য আসনগুলো সংরক্ষিত। এবারের নির্বাচনে ভোটারের সংখ্যা আট কোটি ৬০ লাখের বেশি। এর মধ্যে নারী ভোটারের সংখ্যা প্রায় তিন কোটি ৭০ লাখ। ভোটকেন্দ্রের সংখ্যা ৭০ হাজার।

নির্বাচন কমিশন জানিয়েছে, ৬৯ হাজার ৮০১টি ভোটকেন্দ্রে এক লাখ ৯৩ হাজার ৪৫১টি বুথে ভোট নেওয়া হচ্ছে। এর মধ্যে ৩০ হাজার ৮৯৫টি ভোটকেন্দ্র অতিমাত্রায় ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

পাকিস্তানে নির্বাচনপূর্ব সহিংসতায় এখন পর্যন্ত ১২০ জন নিহত হয়েছে। তালেবান হুমকি দিয়েছে, নির্বাচনের দিনও আত্মঘাতী হামলা চালানো হবে। তারা নির্বাচনকে নাস্তিকদের ব্যবস্থা বলে মনে করে।

নির্বাচনে ছয় লাখ নিরাপত্তাকর্মী আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ৭৫ হাজার সেনাসদস্য রয়েছেন। সবচেয়ে স্পর্শকাতর ভোটকেন্দ্রগুলোতে পাঁচ হাজার সেনা মোতায়েন করা হয়েছে।

কায়েদাবাদ এলাকার একটি ভোট কেন্দ্রের কাছে বোমা বিস্ফোরণে আটটি দোকান বিধ্বস্ত হয়েছে। এতে বেশ কয়েকটি ভবনের জানালার কাছ ভেঙে গেছে। খবর পেয়ে জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। সেখান থেকে হতাহতদের উদ্ধার করে আশপাশের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বোমা হামলার ঘটনায় ভোটারদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।

নির্বাচনে বিদায়ী সরকারের প্রধান শরিক দল পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) অবস্থান হতাশাজনক। শেষ মুহূর্তে সাবেক ক্রিকেটার ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খানের পক্ষে সমর্থন বেড়ে গেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

অবশ্য জনমত জরিপের শেষ ফলাফলে সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান মুসলিম লিগের (পিএমএল-এন) প্রধান নওয়াজ শরিফই এগিয়ে। বিশ্লেষকদের মতে, এবারের নির্বাচনে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারবে না। সে ক্ষেত্রে ঝুলন্ত পার্লামেন্ট পরিস্থিতি সৃষ্টি হতে পারে।