করাচিতে সহিংসতার ঘটনায় নিহতের সংখ্যা ৩৭-এ পৌঁছেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের বন্দরনগর করাচিতে উপনির্বাচনকে কেন্দ্র করে শুরু হওয়া সহিংসতায় গতকাল সোমবার নিহত মানুষের সংখ্যা বেড়ে ৩৭-এ পৌঁছেছে। সিন্ধু প্রদেশের প্রাদেশিক আইনসভার একটি আসনে গত রোববার ওই উপনির্বাচনের ভোট গ্রহণ হয়। একে কেন্দ্র করে শনিবার রাত থেকে সহিংসতা শুরু হয়। রোববার ভোট গ্রহণের সময়ও সহিংসতা চলে।গত আগস্টে মুত্তাহিদা কওমি মুভমেন্ট (এমকিউএম) দলের অন্যতম শীর্ষ নেতা রাজা হায়দারের মৃত্যুতে প্রাদেশিক পরিষদের যে আসনটি শূন্য হয়, সেটিতেই এই উপনির্বাচন হয়েছে। এমকিউএম করাচির প্রভাবশালী রাজনৈতিক দল। কারচুপি হবে, এমন অভিযোগ তুলে নির্বাচনে অংশ নেওয়া থেকে বিরত থাকে আরেক স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক দল আওয়ামী ন্যাশনাল পার্টি (এএনপি)। এই সহিংসতার জন্য এনপিএনকে দায়ী করেছে এমকিউএম। তবে অভিযোগ অস্বীকার করেছে এএনপি।করাচির পুলিশ প্রধান ফাইয়াজ লেঘারি বলেন, ‘আমরা নিশ্চিতভাবে বলতে পারছি না, সব হত্যাকাণ্ডই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কি না। অথবা কয়েকটির পেছনে সাধারণ অপরাধীরা জড়িত কি না। কারণ অজ্ঞাত বন্দুকধারীরা বেশির ভাগ হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং শহরের বিভিন্ন স্থানে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।’ সহিংসতায় ৪০ জন আহত হয়েছে এবং এসব ঘটনায় ৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল শহরের দোকানপাট ও বাজার খোলা থাকলেও পরিস্থিতি ছিল থমথমে। আধাসামরিক বাহিনীর সদস্যরা বিভিন্ন রাস্তায় টহলে ছিলেন। সম্প্রতি করাচিতে রাজনৈতিক সহিংসতার মাত্রা বেড়ে গেছে। বিভিন্ন মানবাধিকার সংস্থার হিসাবে এ বছরের প্রথম ছয় মাসে করাচিতে ২৬০ জন হত্যাকাণ্ডের শিকার হয়। এএফপি ও রয়টার্স।