করাচির সহিংসতাপূর্ণ এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে সেনারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তান সরকার গতকাল শনিবার ঘোষণা করেছে, করাচি শহরের যেসব এলাকা সশস্ত্র গোষ্ঠীরা নিয়ন্ত্রণে নিয়েছিল, সেগুলো পুনরুদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। এ ছাড়া সহিংসতাপূর্ণ এলাকা থেকে আগ্নেয়াস্ত্রসহ শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক সাংবাদিকদের বলেছেন, ‘আটকেপড়া নিরীহ লোকজনকে উদ্ধার করেছে আমাদের আধা সামরিক বাহিনী। সহিংসতাপূর্ণ পাহাড়ি এলাকাগুলো তারা নিয়ন্ত্রণে নিয়েছে।’ তিনি সতর্ক করে বলেন, ‘পাকিস্তানের প্রধান বাণিজ্যিক কেন্দ্রে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে, তাদের তালেবান ও সন্ত্রাসবিরোধী যুদ্ধের শত্রু হিসেবেই বিবেচনা করা হবে।’পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা বাহিনী করাচির গোলযোগপূর্ণ এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে। শহরে সশস্ত্র কোনো ব্যক্তিকে দেখামাত্র গুলির নির্দেশ দেওয়া হয়েছে।পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, পাঁচ দিনব্যাপী জাতিগত ও রাজনৈতিক এ সহিংসতায় গতকাল পর্যন্ত ৯৮ জন মারা গেছে। আহত হয়েছে দেড় শতাধিক। নিহতদের মধ্যে ১২ বছরের একটি শিশু রয়েছে। গতকাল ভোরের দিকে এ শিশুটি গুলিবিদ্ধ হয়ে মারা যায়। পুলিশের একজন মুখপাত্র বলেন, গত শুক্রবার রাত থেকে এ পর্যন্ত ১৫৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ৩৮টি পিস্তল ও তিনটি একে-৪৭।আধা সামরিক বাহিনীর একজন মুখপাত্র বলেন, সহিংসতাপূর্ণ এলাকায় যেসব লোক আটকা পড়েছিলেন, গত রাত থেকে (শুক্রবার) তাঁদের সরিয়ে নেওয়া শুরু হয়েছে। এদিকে প্রাণের ভয়ে যাঁরা ঘর ছেড়ে পালিয়েছিলেন, তাঁরাও ফিরতে শুরু করেছেন। উল্লেখ্য, ক্ষমতাসীন জোট সরকারের সাবেক শরিক দল মুত্তাহিদা কওমি মুভমেন্ট (এমকিউএম) ও আওয়ামী ন্যাশনাল পার্টির (এএনপি) সমর্থকদের মধ্যে মঙ্গলবার থেকে এ সংঘর্ষ শুরু হয়। এএফপি ও রয়টার্স।