করাত দিয়ে নিজের পা কেটে বাদ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝ্যাং ইয়ানলিয়াংয়
ঝ্যাং ইয়ানলিয়াংয়

ঝ্যাং ইয়ানলিয়াংয়ের জন্ম চীনে। পেশায় কৃষক, বয়স ৪৭। তলপেটে তীব্র ব্যথা ছিল তাঁর। অসহনীয় ব্যথা ছড়িয়ে পড়ত দুই পায়ে। এক পর্যায় সেই সংক্রমণ ছড়িয়ে পড়ে গ্যাংগ্রিন আকারে। চিকিত্সকেরা জানিয়েছিলেন, বড়জোর এক মাস বাঁচবেন ইয়ানলিয়াং। অস্ত্রোপচারের মাধ্যমে বেঁচে থাকার শেষ চেষ্টা করবেন, সেটার উপায়ও ছিল না। এত টাকা পাবেন কোথায়!

অসহায় ইয়ানলিয়াং হাল ছাড়েননি। চিকিত্সকদের দ্বারস্থও হননি। নিজের ‘অস্ত্রোপচার’ করেছেন নিজেই! নিজের ঘরে বসেই করাত দিয়ে কেটে ফেলে দিয়েছেন ডান পা! অস্ত্রোপচারের সময় করাত ছাড়া তাঁর সঙ্গে ছিল কেবল ফল কাটার একটি ছুরি, একটি ব্যাকস্ক্র্যচার (পিঠ চুলকানোর দন্ডবিশেষ) ও একটি তোয়ালে।

ভয়ংকর অস্ত্রোপচারের বিস্তারিত বলেছেন ইয়ানলিয়াং নিজেই, ‘আমার একটা অস্ত্রোপচার প্রয়োজন ছিল। কিন্তু এটা করানোর মতো আর্থিক সংগতি আমার ছিল না। চিকিত্সকেরা আমাকে শুধু ওষুধ দিতেন। মরে যাওয়ার জন্য আমাকে বাড়িতে পাঠিয়েছিলেন তাঁরা। এক রাতে আমার স্ত্রী ঘুমাতে যাওয়ার পর করাত দিয়ে নিজের পা কাটার কাজ শুরু করি। যেন চিত্কার না করি, যেন  স্ত্রী ঘুম থেকে উঠে না যায়, এ জন্য কাঠের তৈরি ব্যাকস্ক্র্যাচারটি তোয়ালে দিয়ে মুড়িয়ে কামড়ে ধরি। এরপর ছুরি দিয়ে চামড়া কাটি। হাড় দৃশ্যমান হলে সেই হাড় করাত দিয়ে কেটে ফেলি। আমার এই দুর্দশা স্ত্রীকে দেখাতে চাইনি আমি। এর পরও সে জেগে উঠে। এসে দেখে, এক পা কেটে ফেলেছি আমি।’

নিজের ঘরে করা অস্ত্রোপচারে প্রাণ বেঁচে গেছে ইয়ানলিয়াংয়ের। তবে এরই মধ্যে কাটা পায়ে সংক্রমণ দেখা দিয়েছে। চিকিত্সকেরা জানিয়েছেন, আরেকটা অস্ত্রোপচার করতে হবে তাঁকে। না হলেও অবশিষ্ট পা’কে বাঁচানো যাবে না। কিন্তু অর্থ আসবে কোথা থেকে! এখনও সেই আগের দুশ্চিন্তা। ইয়ানলিয়াংয়ের পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য তাঁর ১৭ বছর বয়সী মেয়ে। বাবার চিকিত্সার খরচ জোগাতে একটি চাকরি নিয়েছে সে। এ কারণে পড়ালেখাও বন্ধ হয়ে গেছে। ইয়ানলিয়াং বাধ্য হয়ে পাড়াপড়শিদের কাছে হাত পাতছেন। যেন জীবনটা বাঁচাতে পারেন, আবারও হাল ধরতে পারেন পরিবারের। সূত্র: ডেইলি মেইল।