করের চাপে বন্ধ হয়ে যাচ্ছে পত্রিকা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকার বিশাল অঙ্কের কর পরিশোধ করার নির্দেশ দেওয়ায় এখন বন্ধ হয়ে যাচ্ছে দ্য কম্বোডিয়া ডেইলি। ছবি: এএফপি
সরকার বিশাল অঙ্কের কর পরিশোধ করার নির্দেশ দেওয়ায় এখন বন্ধ হয়ে যাচ্ছে দ্য কম্বোডিয়া ডেইলি। ছবি: এএফপি

কম্বোডিয়ার যে কয়টা স্বাধীন ও নিরপেক্ষ পত্রিকা অবশিষ্ট ছিল, এর মধ্যে ‘দ্য কম্বোডিয়া ডেইলি’ একটি। দেশটির সরকার বিপুল অঙ্কের কর পরিশোধ করার নির্দেশ দেওয়ায় এখন বন্ধ হয়ে যাচ্ছে এটি। এ ব্যাপারে পত্রিকাটি আনুষ্ঠানিক ঘোষণাও দিয়েছে।

বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, পত্রিকাটি প্রায়ই সরকারের বিভিন্ন পদক্ষেপের সমালোচনা করত। এতেই সরকারের রোষানলে পড়েছে ‘দ্য কম্বোডিয়া ডেইলি’। পত্রিকাটিকে ৬৩ লাখ ডলার কর পরিশোধ করতে বলা হয়েছে।

গত রোববার কম্বোডিয়ার বিরোধীদলীয় নেতা কেম সোখাকে বিশ্বাসঘাতকতার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। বিদেশের সঙ্গে যোগসাজশ করে দেশের ক্ষতি করছেন—এমন অভিযোগ আনা হয়েছে কেমের বিরুদ্ধে। বর্তমানে দেশটির প্রধানমন্ত্রী হুন সেনের প্রশাসন বিরোধী রাজনৈতিক দল ও সংস্থাগুলোর বিরুদ্ধে নানা পদক্ষেপ নিচ্ছে। এর সাম্প্রতিকতম উদাহরণ হলো কেম সোখার গ্রেপ্তার।

প্রধানমন্ত্রী হুন সেন খেমাররুজের একজন সাবেক কমান্ডার। প্রায় ৩০ বছর ধরে ক্ষমতায় আছেন তিনি। ‘দ্য কম্বোডিয়া ডেইলি’কে ‘চোর’ আখ্যায়িত করে হুন সেন বলেছেন, ৩০ দিনের মধ্যে কর পরিশোধ করা না হলে ‘বাক্সপেটরা গুটিয়ে চলে যেতে হবে’।

গতকাল এক বিবৃতিতে পত্রিকাটি বলেছে, ‘এই পরিমাণ কর ধার্য করা নিয়ে কর বিভাগ ও পত্রিকার মালিকপক্ষের মধ্যে বিরোধ রয়েছে। এখন প্রকৃত নিরীক্ষা ও পারস্পরিক আলোচনার মাধ্যমে এই আলোচনার সমাধান হতে পারত। কিন্তু তার বদলে পত্রিকাকে লক্ষ্যে পরিণত করা হয়েছে এবং বিপুল অঙ্কের কর ধার্য করা হয়েছে।’

১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয় ‘দ্য কম্বোডিয়া ডেইলি’। আজ সোমবার থেকে এর প্রকাশনা স্থগিত হয়ে যাওয়ার কথা।

কম্বোডিয়ার সরকার সম্প্রতি বলেছে, দেশের ‘স্থিতাবস্থা’ বিনষ্টকারী গণমাধ্যমগুলো বন্ধ করে দেওয়া হতে পারে। কম্বোডিয়া ডেইলির পাশাপাশি রেডিও ফ্রি এশিয়া ও ভয়েস অব আমেরিকার বিরুদ্ধেও করের বাধ্যবাধকতা না মানার অভিযোগ আনা হয়েছে। এসব গণমাধ্যম সরকারের দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো নিয়ে প্রতিবেদন প্রকাশ করত।

এর মধ্যে রেডিও ফ্রি এশিয়ার অর্থায়নে আছে যুক্তরাষ্ট্রের সরকার। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এরই মধ্যে বলেছে, তারা কম্বোডিয়ার ‘গণতান্ত্রিক পরিবেশের অবনতির’ বিষয়টি নিয়ে উদ্বিগ্ন।

কম্বোডিয়ার সরকার বলছে, রাজনৈতিক কারণে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। দেশে সাংবাদিকদের স্বাধীনতা আছে।