করোনা নিয়ে যুক্তরাষ্ট্রকে নোবেলজয়ী ও হার্ভার্ডের দাওয়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস। ছবি: রয়টার্স
করোনাভাইরাস। ছবি: রয়টার্স

এই গ্রীষ্মের মধ্যে কোভিড- ১৯ বা করোনাভাইরাসের ভয়াবহ সংক্রমণ থেকে মুক্তি পেয়ে স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে চাইলে মার্কিন যুক্তরাষ্ট্রকে তার প্রত্যেক নাগরিকের স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করতে হবে। আর পরীক্ষায় যাঁরা পজিটিভ হবেন, অর্থাৎ যাঁদের শরীরে প্রাণঘাতী নোভেল করোনাভাইরাসের সংক্রমণ প্রমাণিত হবে তাঁদের বাধ্যতামূলকভাবে দুই সপ্তাহের আইসোলেশন নিশ্চিত করতে হবে। এই পরীক্ষায় মোট ১০০ বিলিয়ন বা ১০ হাজার কোটি মার্কিন ডলারের মতো ব্যয় হতে পারে।

২০১৮ সালে অর্থনীতিতে নোবেলজয়ী মার্কিন অর্থনীতিবিদ পল রোমার দেশটিকে এই পরামর্শ দিয়েছেন। তাঁর প্রস্তাবিত এই অর্থ মার্কিন কংগ্রেসে ইতিমধ্যে অনুমোদিত ২ ট্রিলিয়ন বা দুই লাখ কোটি ডলারের আর্থিক পুনরুদ্ধার প্যাকেজের মাত্র ২০ ভাগের এক ভাগ।

বিশ্বব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ পল রোমার দ্য ওয়াশিংটন পোস্ট পত্রিকাকে বলেন, ‌‌'বিদ্যমান সমস্যার সমাধান করে আমরা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে পারি। এ জন্য প্রত্যেক নাগরিকের দফায় দফায় করোনা পরীক্ষায় আমাদের কেবল ১০০ বিলিয়ন ডলার ব্যয় করতে হতে পারে, যা যুক্তরাষ্ট্রের কাছে কঠিন কিছু নয়।' প্রসঙ্গত, এক বিলিয়ন সমান ১০০ কোটি।'
যুক্তরাষ্ট্রে গতকাল মঙ্গলবার পর্যন্ত ৫৫ লাখ ৯৩ হাজার ৪৯৫ জনের শরীরে করোনা পরীক্ষা করা হয়। এর মধ্যে পজিটিভ হয়েছে মানে করোনা শনাক্ত হয়েছে ১০ লাখ ২২ হাজার লোকের শরীরে, যা বিশ্বে সর্বোচ্চ। আর করোনার কারণে যুক্তরাষ্ট্রেই সবচেয়ে বেশি ৫৭ হাজার ৮৬২ জন মানুষ মারা গেছেন।

যুক্তরাষ্ট্রে করোনাজনিত সংক্রমণ ও মৃত্যু বিশ্বে সর্বোচ্চ হলেও দেশটিতে এ সংক্রান্ত পরীক্ষা ধীর গতিতে চলছে বলে অভিযোগ রয়েছে। সে জন্য পল রোমার যুক্তরাষ্ট্রকে জনগণের স্বাস্থ্যসেবায় জোর দিয়ে পেশাদার কর্মীদের মাধ্যমে করোনা পরীক্ষা পরিচালনার পরামর্শ দিয়েছেন।

অবশ্য পল রোমার একাই করোনা পরীক্ষায় জোর দেওয়ার কথা বলেননি। এর আগে গত ২০ এপ্রিল প্রকাশিত যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এক প্রতিবেদনেও গ্রীষ্মের মাঝামাঝি নাগাদ অর্থনীতিতে গতি ফেরাতে দৈনিক ২০ মিলিয়ন বা দুই কোটি মানুষের শরীরে করোনা পরীক্ষা নিশ্চিতের পরামর্শ দেওয়া হয়েছে।