করোনাভাইরাসের প্রভাব লন্ডনের চায়না টাউনেও

চীনা খাবারের জন্য বিখ্যাত লন্ডনের চায়না টাউন। চীনের বাসিন্দাদের হাতে তৈরি খাবার মেলে এখানে। সারাক্ষণ জমজমাট এই এলাকায় এখন করোনাভাইরাস আতঙ্ক। চীনের করোনাভাইরাস আতঙ্ক সারা বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। গত শুক্রবার সেই চিত্র দেখলাম লন্ডনের চায়না টাউনে। সারাক্ষণ জমজমাট এই এলাকা যেন অনেকটাই জনশূন্য হয়ে পড়েছে। খাবারের দোকানে লোকের সমাগম নেই। সেখানকার রাস্তা দিয়ে কেউ হেঁটে গেলেও যাচ্ছে মাস্ক পরে।
২০১৪ সালে বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টে হল্যান্ডের খেলার দিনে গিয়েছিলাম এই চায়না টাউনে। প্রতিটি দোকানের ভেতরে–বাইরে দেখেছি মানুষের ভিড়। মানুষে গিজগিজ করছিল একেকটা খাবারের দোকান। এবার দেখলাম ঠিক তার উল্টো চিত্র।
চায়না টাউনের খাবারের দোকানের প্রধান আকর্ষণ হচ্ছে হাঁসের মাংস দিয়ে তৈরি নানা রকমের খাবার। আস্ত হাঁস ফ্রাই করে ঝুলানো থাকে দোকানের সামনে। প্রতিটি দোকানের সামনেই এই চিত্র। মানুষ এসে পছন্দ করে সেই হাঁস দেখিয়ে দেয় বিক্রেতাদের। আর বিক্রেতারা সেই হাঁসের সঙ্গে নানা পদের খাবার যেমন ফ্রেঞ্চ ফ্রাই, মেওনেজ মিশিয়ে দেয়। আর এই খাবারের সঙ্গে ক্রেতারা বেছে নেয় নানা রকমের পানীয়।
কিন্তু এবারে চায়না টাউনে দেখেছি চীনের করোনাভাইরাস আতঙ্ক। খাবারের দোকানের সামনে ভিড়ভাট্টা নেই। কিছু কিছু দোকানে একেবারেই সুনসান নীরবতা। কয়েকজন বিক্রেতার সঙ্গে কথা হলো। তাঁদের মন খারাপ। খাবারের দাম কমিয়ে দিয়ে বিশেষ অফার দিয়েও নাকি কাঙ্ক্ষিত ক্রেতা পাচ্ছেন না তাঁরা।
ক্রিসপি ডাক নামের একটি খাবারের দোকানে গিয়ে দেখি হাঁসের মাংসের তৈরি খাবারের পসরা সাজানো। কিন্তু ক্রেতাশূন্য সেই দোকান। দোকানের কর্মীরা জানালেন, দিনে যেখানে কয়েক হাজার পাউন্ডের খাবার বিক্রি হয়, সেখানে তা শতকে এসে থেমেছে। কোনো কোনো দোকানে একেবারেই বিক্রি বন্ধ হওয়ার জোগাড়। সাধারণত অনেকে বাড়ি থেকে অর্ডার করেও খাবার কেনেন, কিন্তু সেই অর্ডারও নাকি নেই বললেই চলে। ডেলিভারি ম্যানদের অনেকে বসে আছে। কোনো কোনো দোকান বাসায় খাবার পৌঁছে দেওয়ার সেবা বন্ধ করে দিয়েছে। অনেক দোকান বিশেষ অনুষ্ঠানের জন্য ভাড়া করা হয়। ক্রেতারা তা–ও বাতিল করে দিচ্ছেন।
স্থানীয় জিন লি রেস্টুরেন্টের ম্যানেজার মার্টিন মা বিবিসিকে জানিয়েছেন, ‘এটা আমাদের জন্য কঠিন এক সময়। আমাদের খাবারের দোকানে লোক তেমন আসছে না। তাৎক্ষণিক অনেকে বুকিংও বাতিল করে দিয়েছেন।’
চায়না টাউনের পাশেই থাকেন বাংলাদেশের লন্ডনপ্রবাসী মো. রুবেল। তিনি বলেন, ‘আমার বাচ্চারা চায়না টাউনের হাঁস ফ্রাই পছন্দ করে। কাজ থেকে ফেরার পথে আমি খাবার নিয়ে যাই এখান থেকে। কিন্তু চীনের করোনাভাইরাস আতঙ্কে এবার খাবার নেওয়া বন্ধ করেছি। আমার বাসার আশেপাশেরও অনেকে এখান থেকে খাবার আনা বন্ধ করে দিয়েছে।’

চায়না টাউনে ঢোকার পথে দেখা গেল, অন্যসময় যেমন আলোর ঝলকানি আর রং–বেরংয়ের আলোকসজ্জা থাকে, এবার তা অনেকটাই মলিন হয়ে গেছে। ইয়াং ঝু নামের এক বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণ জানালেন, তিনি লন্ডনের একটি বিশ্ববিদ্যালয়ে পড়েন পাশাপাশি চায়না টাউনে কাজ করেন। যেহেতু চাইনিজ ভাষা ভালো জানেন, তাই এখানে তার কাজ করতে সুবিধা। কিন্তু কয়েক দিনে চায়না টাউন মানুষশূন্য হয়ে পড়েছে। কাজ কমে গেছে বলে দোকানের মালিক অনেক কর্মীকে আসতে নিষেধ করে দিয়েছেন। এই ভাইরাস চায়না টাউনের অনেক লোকসানের জন্য দায়ী বলে মনে করেন ইয়াং ঝু।
ইয়াং ঝু আরও জানালেন যে, তাঁরাও এখন মাস্ক পড়ে বের হচ্ছেন লন্ডনে। যেখানেই চীনের বাসিন্দা দেখছে মানুষ, সরে যাচ্ছে। এটি নিয়ে তাঁরা বিব্রত।