বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেছেন, বিশ্ব এখন করোনার তৃতীয় ঢেউয়ের প্রাথমিক পর্যায়ে রয়েছে। ডব্লিউএইচওর মহাসচিব গত বুধবার বিশ্বকে করোনার তৃতীয় ঢেউ নিয়ে সতর্ক করেন। বিশ্বে করোনার ডেলটা ধরন থেকে সংক্রমণ বাড়ছে। এমন প্রেক্ষাপটে জাতিসংঘের স্বাস্থ্য সংস্থার প্রধানের কাছ থেকে করোনার তৃতীয় ঢেউ নিয়ে সতর্কবাণী এল। তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেন, ‘দুর্ভাগ্যক্রমে আমরা এখন তৃতীয় ঢেউয়ের প্রাথমিক পর্যায়ে আছি।’
বার্তা সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়, বিশ্বে নতুন করে করোনায় সংক্রমিত ব্যক্তি ও মৃত্যুর সংখ্যা কেন বাড়ছে, তার প্রধান কারণগুলো উঠে এসেছে ডব্লিউএইচওর মহাসচিবের কথায়। তিনি বলেন, করোনায় আক্রান্ত ও মৃত্যু উভয়ই বাড়ার পেছনে মুখ্য কারণ হিসেবে কাজ করছে ডেলটা ধরনের বিস্তার, সামাজিক গতিশীলতা বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষার প্রমাণিত ব্যবস্থাগুলোর সামঞ্জস্যহীন ব্যবহার।
তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেন, একটা সময় বিশ্বে করোনার সংক্রমণ ও মৃত্যু ধারাবাহিকভাবে কমছিল। কিন্তু সম্প্রতি দেখা যাচ্ছে, সারা বিশ্বেই করোনার সংক্রমণ ও মৃত্যু নতুন করে বাড়ছে। এ প্রবণতায় তিনি উদ্বেগ প্রকাশ করেন।