করোনার নতুন ধরনের বিরুদ্ধে এখনকার টিকা কার্যকর: জার্মানির স্বাস্থ্যমন্ত্রী
জার্মানির স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিশেষজ্ঞরা মনে করেন, যুক্তরাজ্যে শনাক্ত করোনার নতুন ধরনের বিরুদ্ধে বিদ্যমান টিকা কার্যকর।
গতকাল রোববার জার্মানির স্বাস্থ্যমন্ত্রী ইয়েন্স স্পান এ কথা বলেন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ইউরোপিয়ান বিশেষজ্ঞদের মধ্যকার আলাপ-আলোচনার বরাত দিয়ে ইয়েন্স স্পান বলেন, তাঁরা এখন পর্যন্ত যা জানেন, সে অনুযায়ী বিদ্যমান টিকার ওপর করোনার নতুন ধরনের কোনো প্রভাব নেই। যার অর্থ, করোনার নতুন ধরনের ক্ষেত্রেও বিদ্যমান টিকা কার্যকর।
এ প্রসঙ্গে জার্মানির স্বাস্থ্যমন্ত্রী বিশেষ করে ফাইজার-বায়োএনটেকের টিকার কথা উল্লেখ করছিলেন। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশে ইতিমধ্যে এই টিকার প্রয়োগ শুরু হয়েছে। ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি (ইএমএ) শিগগির এই টিকার অনুমোদন দিতে যাচ্ছে।
করোনাভাইরাসের নতুন ধরনের সংক্রমণ ছড়িয়ে পড়ার খবর গত সপ্তাহে জানায় যুক্তরাজ্য সরকার। করোনার নতুন এই ধরন সম্পর্কে জানতে দেশটির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
যুক্তরাজ্যের বাইরে একাধিক দেশে করোনার নতুন ধরনের সংক্রমণ শনাক্ত হয়েছে। ডব্লিউএইচওর তথ্যমতে, ডেনমার্ক, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া ও ইতালিতে করোনার নতুন এই ধরনে সংক্রমিত রোগী পাওয়া গেছে।
করোনার নতুন ধরনের সংক্রমণের হুমকির বিষয়ে করণীয় ঠিক করতে ইইউর বিশেষজ্ঞরা আজ সোমবার বৈঠক করবেন।
করোনাভাইরাসের যে ধরনটি আগে যুক্তরাজ্যে ছড়িয়ে পড়েছিল, তার চেয়ে নতুন ধরনটি অনেক বেশি সংক্রামক। বিজ্ঞানীদের বরাত দিয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছেন, করোনার আগের ধরনটির তুলনায় নতুনটি ৭০ শতাংশ বেশি সংক্রামক।
ভাইরাসটির নতুন এই ধরনের সংক্রমণ ঠেকাতে ইউরোপ ও ইউরোপের বাইরের বিভিন্ন দেশ যুক্তরাজ্যের সঙ্গে আকাশসহ অন্যান্য যোগাযোগ বন্ধ করছে।