করোনার নিষেধাজ্ঞাবিরোধী আন্দোলন ঠেকাতে কানাডার অন্টারিওতে জরুরি অবস্থা
কানাডার অন্টারিও প্রদেশে আন্দোলনরত ট্রাকচালকদের সামাল দিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার প্রদেশটির প্রিমিয়ার ডগ ফোর্ড জরুরি অবস্থা জারির ঘোষণা দেন। খবর বিবিসির।
করোনাভাইরাস–সংক্রান্ত বিধিনিষেধের বিরুদ্ধে চলমান আন্দোলনের জেরে স্থবির হয়ে পড়েছে কানাডার রাজধানী অটোয়ার নানা অংশ। গত সোমবার দেশটি থেকে যুক্তরাষ্ট্রে যাওয়ার ব্যস্ততম সীমান্ত ক্রসিংও বন্ধ করে দেওয়া হয়। এমন পরিস্থিতিতে জরুরি অবস্থা জারির ওই ঘোষণা এল।
শুক্রবার এক সংবাদ সম্মেলনে ডগ ফোর্ড বলেন, জরুরি অবস্থা চলাকালীন গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোতে প্রতিবন্ধকতা সৃষ্টি করা অবৈধ হিসেবে বিবেচিত হবে। নির্দেশনা অমান্য করলে আন্দোলনকারীদের সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড ও ১ লাখ মার্কিন ডলার জরিমানার সাজা দেওয়া হতে পারে।
আন্তর্জাতিক সীমান্ত ক্রসিং, বিমানবন্দর, স্থলবন্দর ও মহাসড়ক দিয়ে পণ্য পরিবহন ও মানুষের চলাচলে যাঁরা বাধার সৃষ্টি করবেন, তাঁরাই এ সাজার মুখে পড়বেন বলে জানিয়েছেন অন্টারিওর প্রিমিয়ার। জরুরি অবস্থার সময় অসংগতিপূর্ণ আচরণ করলে আন্দোলনকারীদের ব্যক্তিগত ও বাণিজ্যিক লাইসেন্সও কেড়ে নেওয়া হতে পারে।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সরকার গত ১৫ জানুয়ারি আন্তসীমান্ত ট্রাকচালকদের জন্য করোনার টিকাসংক্রান্ত আদেশ জারি করে। এর আওতায় কানাডার যে ট্রাকচালকেরা টিকা নেননি, তাঁদের ট্রাক নিয়ে সীমান্ত পাড়ি দিয়ে দেশে ফেরার পর প্রতিবারই কোয়ারেন্টিনে থাকতে হবে।
যুক্তরাষ্ট্র সরকারও সম্প্রতি বলেছে, সে দেশে প্রবেশের জন্য বিদেশি ট্রাকচালকদের অবশ্যই টিকা গ্রহণের প্রমাণ উপস্থাপন করতে হবে। টিকাসংক্রান্ত এমন আদেশ জারি করায় ট্রাকচালকেরা ক্ষুব্ধ হন। এরপর থেকে অটোয়ায় তুমুল বিক্ষোভ শুরু করেন তাঁরা।